logo

জুয়ার সরঞ্জাম পোড়ানোর আগুনে দগ্ধ শিশু

জুয়ার সরঞ্জাম পোড়ানোর আগুনে দগ্ধ শিশু
আগুনে দগ্ধ চার বছরের শিশু। ছবি : এশিয়া পোস্ট

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নৌপুলিশের অভিযানে জব্দ করা জুয়ার সরঞ্জাম পুড়িয়ে বিনষ্ট করার পর সেই আগুনে দগ্ধ হয়েছে চার বছরের এক শিশু।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নীলডুমুর এলাকার আলাউদ্দিন মার্কেটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলাউদ্দিন মার্কেটে নিয়মিত মাদক ও জুয়ার আসর বসে। খবর পেয়ে বুড়িগোয়ালিনী নৌ থানার একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে তাস, বসার পলিথিন ও বস্তা জব্দ করা হয়। পরে জব্দ করা মালামাল ঘটনাস্থলেই পুড়িয়ে বিনষ্ট করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর শিশুরা সেখানে খেলতে যায়। এ সময় তারা লাঠি দিয়ে আগুনের অবশিষ্টাংশ খোঁচাতে থাকে। একপর্যায়ে লাঠির মাথায় থাকা পলিথিন ও কাগজ শিশুটির বাঁ হাতের সঙ্গে জড়িয়ে যায়। এতে তার হাত মারাত্মকভাবে দগ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শ্যামনগর সদর হাসপাতালে ভর্তি করেন।

তবে আগুন পুরোপুরি নেভানো হয়েছিল কি না, তা নিয়ে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও পুলিশের বক্তব্যে ভিন্নতা রয়েছে।

এ বিষয়ে বুড়িগোয়ালিনী নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলিউজ্জামান আকবর বলেন, অভিযান শেষে আগুন নিভিয়ে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে। পরে শিশুরা সেখানে খোঁচাখুঁচি করায় এ দুর্ঘটনা ঘটে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট