চুয়াডাঙ্গায় অবৈধ মজুতের ১৪০৮ বস্তা সার জব্দ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে পুলিশ। টানা তিন দিনের অভিযানে মোট ১ হাজার ৪০৮ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাতে আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামে মারফুল ট্রেডার্সের একটি গোডাউন থেকে ৩৫০ বস্তা সরকারি সার উদ্ধার করা হয়। এর আগে সোমবার ও মঙ্গলবার রাতে একই এলাকার মিনারুল স্টোরে অভিযান চালিয়ে ১ হাজার ৫৮ বস্তা বিভিন্ন ধরনের রাসায়নিক সার জব্দ করা হয়।
পুলিশ জানায়, গত তিন দিন ধরে অবৈধভাবে মজুত করা সার উদ্ধারের এই অভিযান পরিচালিত হচ্ছে। এ ঘটনায় সার পাচারের অভিযোগে ভাংবাড়িয়া গ্রামের ব্যবসায়ী মিনারুল ইসলামকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৪০৮ বস্তা রাসায়নিক সার উদ্ধার করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, মিনারুল দীর্ঘদিন ধরে অবৈধভাবে সারের ব্যবসা করে আসছিলেন। আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তিনি ও তার স্বজনদের গোডাউনে অভিযান চালিয়ে গত তিন দিনে ১ হাজার ৪০৮ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে। অবৈধ সার উদ্ধারে এই অভিযান অব্যাহত থাকবে।
