মহানন্দা নদীতে গোসলে নেমে দুই কিশোরের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা নদীতে গোসলে নেমে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর ভাটোপাড়া গ্রামসংলগ্ন মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে।
মৃতরা হলো, মহিপুর ভাটোপাড়া গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে সামিউল ইসলাম সান ও একই এলাকার মো. আব্দুস সোবাহানের ছেলে সাব্বির রহমান।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সামিউল ও সাব্বির একসঙ্গে মহানন্দা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর স্রোতে ভেসে গিয়ে পানিতে ডুবে তারা নিখোঁজ হন। পরে স্থানীয়রা দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে নিজ-নিজ বাড়িতে নিয়ে যান।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ পাঠানো হয়েছে। নৌ-পুলিশকে বিষয়টির অবগতির জন্য সংবাদ দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
