‘দুর্যোগে বাস্তুহারা পাহাড়িদের পুনর্বাসন করবে সরকার’

এশিয়া পোস্ট নিউজ, রাঙামাটি
‘দুর্যোগে বাস্তুহারা পাহাড়িদের পুনর্বাসন করবে সরকার’
পার্বত্য অঞ্চলে বন্যা দুর্গত এলাকায় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি: এশিয়া পোস্ট

প্রাকৃতিক দুর্যোগে বাস্তুহারা পাহাড়িদের জন্য সরকার বাসস্থানের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেছেন, যারা বাস্তুহারা হয়েছেন, তাদেরকে বিকল্প জমিতে ঘর তৈরি করে দিতে চান প্রধানমন্ত্রী। এটা তিনি (প্রধানমন্ত্রী) করবেন। এ বিষয়ে সংসদে আলোচনা হয়েছে।

রোববার (১২ জুলাই) বিকেলে রাঙামাটির ওমদা মিয়া হিল পৌর জুনিয়র হাইস্কুল আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার, ত্রাণবিতরণ ও পুনর্বাসন কার্যক্রম সমন্বয়ের দায়িত্বপ্রাাপ্ত হিসেবে প্রতিমন্ত্রী এ পরিদর্শন করেন।

অনিন্দ্য ইসলাম বলেন, পাহাড়ের পাদদেশ যারা বসবাস করছেন, তাদের বোঝাতে হবে। তাদেরকে বুঝিয়ে বিকল্প একটি জায়গায় আবাস করে দিতে পারলে সেটিই হবে স্থায়ী সমাধান।

তিনি সবাইকে ধৈর্য্য ধরে দুর্যোগ মোকাবিলার আহ্বান জানিয়ে বলেন, সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে। সবাই মিলে প্রশাসনের সঙ্গে একযোগে সচেতনতা তৈরি করতে পারলে ঝুঁকিপূর্ণ বসবাস কমে আসবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দুর্গম এলাকায় আমাদেরকে সশস্ত্র বাহিনী সহযোগিতা করছে। পুরো বিষয়টি জেলা প্রশাসক মনিটরিং করছেন। সবার সহযোগিতায় আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠতে চাই।

তিনি বলেন, দুর্যোগ শেষে সবাই বাসায় ফিরবে, কিন্তু বাসাবাড়ি আগের মতো থাকবে না। ক্ষতিগ্রস্ত ঘরবাড়িগুলো মেরামতের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করব। এটা জনগণের কাছে আমাদের ওয়াদা।

অনিন্দ্য ইসলাম বলেন, শুধু ঘরবাড়ি নয়, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতের বিষয়টিও আমাদের নজরে আছে। যারা ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে আছে তাদের ঘরবাড়িতে যাতে দুষ্কৃতিকারী কোনো ক্ষতি করতে না পারে সেই বিষয়েও আমরা সতর্ক আছি।

এ সময় রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসক নাজমা আশরাফীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন।

বিষয় :রাঙামাটি