শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের দাদা-দাদি পুলিশ হেফাজতে

বগুড়ার নারুলী এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ২২ বছর বয়সি এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত যুবকের দাদা ও দাদিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক রয়েছেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্তের দাদার বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। চিকিৎসার জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার বিকেল ৪টার দিকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে অভিযুক্ত রাহুলের দাদার বাড়িতে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে রাহুল পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা তার দাদি রহিমা বেগম বেলি (৬৫) ও দাদা লুৎফর রহমান লুদুকে (৭০) আটক করে পুলিশের হাতে তুলে দেন।
স্থানীয় বাসিন্দা তহমিনা আক্তার লিলি অভিযোগ করেন, ঘটনার বিচার চাইতে গেলে তাদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বিভিন্ন সময় তাদের ভয়ভীতি দেখানো হয়েছে। এ বিষয়ে স্থানীয় সাবেক কাউন্সিলরের কাছে একাধিকবার অভিযোগ করেও প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয় বাসিন্দা ইলিয়াছ উদ্দিন বলেন, ছোট একটি শিশুর সঙ্গে এমন ঘটনা মেনে নেওয়ার মতো নয়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
শিশুটির বাবা জানান, গত ১৬ অক্টোবর তাদের পরিবারের দুটি এবং শিশুটির দাদির দুটি—মোট চারটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাহুলের সঙ্গে তাদের বিরোধ সৃষ্টি হয়। এরপর থেকে রাহুল ও তার পরিবারের সদস্যরা বিভিন্নভাবে তাদের ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ উভয় পক্ষের মধ্যে মীমাংসা করে দেয়।
শিশুটির বাবা আরও জানান, শনিবার বিকেলে মেয়েকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে অভিযুক্তের দাদার বাড়ি থেকে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। মেয়ের সঙ্গে নৃশংস ঘটনা ঘটানো হয়েছে উল্লেখ করে তিনি জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, শনিবার বিকেলে মোবাইল ফোনে শিশুকে ধর্ষণের অভিযোগ এবং অভিযুক্তের দাদা-দাদিকে আটকে রাখার খবর পান তারা। পরে নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। নিরাপত্তার স্বার্থে ওই দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখেছে এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেছে। চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

