logo

স্কুল ব্যাগে মিলল ৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১

স্কুল ব্যাগে মিলল ৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১
গ্রেপ্তার ইশরার হোসেন। ছবি: এশিয়া পোস্ট

বগুড়ায় স্কুল ব্যাগে লুকিয়ে ইয়াবা পাচারের সময় মো. ইশরার হোসেন পাপ্পু (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তার ব্যাগ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৫টা থেকে ৬টার মধ্যে ঢাকা-রংপুর মহাসড়কে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ইশরার হোসেন নীলফামারীর সৈয়দপুর পৌরসভার গোলাহাট এলাকার মৃত আজগার আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি জানতে পারে, ঢাকা থেকে যাত্রীবাহী বাসে করে ইয়াবার একটি বড় চালান উত্তরবঙ্গে নেওয়া হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ডিএনসির একটি দল মহাসড়কের ওই এলাকায় অবস্থান নেয়। পরে ঢাকা থেকে সৈয়দপুরগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে তল্লাশি চালানো হয়।

এ সময় বাসের টিকিটবিহীন যাত্রী ইশরার হোসেনের শরীর ও স্কুল ব্যাগে তল্লাশি চালিয়ে নেভি-ব্লু রঙের ব্যাগের ভেতর থেকে ১৫টি পলিপ্যাকেটে থাকা ৩ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০টি করে ইয়াবা ছিল এবং উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৩০০ গ্রাম। এ ছাড়া তাঁর কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইশরার হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার ও ঢাকা থেকে মাদক সংগ্রহ করে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান জানান, এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। এই চালানের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।