logo

পটুয়াখালী/হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল মাথা ও খণ্ডিত দেহ

হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল মাথা ও খণ্ডিত দেহ
বাউফল থানা। ছবি: এশিয়া পোস্ট

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের তিন দিন পর রুহুল আমীন (৬০) নামের এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে একই ব্যক্তির একটি হাত ও দুই পা উদ্ধারের তিন দিন পর শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা এলাকার বিভিন্ন স্থান থেকে দেহের বাকি অংশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহিদা বেগম নামের এক নারী ও আবুল বশার নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আর্থিক লেনদেন ও ব্যক্তিগত বিরোধের জেরে পরিকল্পিতভাবে রুহুল আমীনকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে ফেলে দেওয়া হয়েছিল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর বিকেলে বোনের বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন রুহুল আমীন। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে স্বজনরা কালিশুরী ইউনিয়নের পোনাহুরা এলাকার শাহিদা বেগমের সঙ্গে যোগাযোগ করলে তার কথাবার্তায় অসংগতি দেখা যায়।

গত ১২ নভেম্বর পোনাহুরা এলাকার ধানক্ষেত ও জমির আইল থেকে মানুষের বিচ্ছিন্ন একটি হাত ও দুই পা উদ্ধার করে পুলিশ। পরদিন আরও একটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করা অঙ্গপ্রত্যঙ্গ দেখে সেগুলো রুহুল আমীনের বলে শনাক্ত করেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।

মামলার তদন্তে নেমে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১৪ নভেম্বর রাতে শাহিদা বেগমকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে আবুল বশারকেও গ্রেপ্তার করা হয়। শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে পোনাহুরা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কচুরিপানায় ঢাকা ডোবা ও ধানক্ষেত থেকে মরদেহের বাকি অংশ উদ্ধার করা হয়।

জানা যায়, রুহুল আমীনের সঙ্গে শাহিদার দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক ও আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। শাহিদার অভিযোগ, তার ছেলেকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে রুহুল আমীন তিন লাখ টাকা নিয়েছিলেন। পরে দেড় লাখ টাকা ফেরত দিলেও বাকি টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ চরমে পৌঁছায়। এ ছাড়া ব্যক্তিগত বিরোধ ও ব্ল্যাকমেইলের অভিযোগও ছিল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রুহুল আমীনকে হত্যার জন্য শাহিদা বেগম আবুল বশারের সঙ্গে ৬০ হাজার টাকায় চুক্তি করেন। এর মধ্যে ৪০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়েছিল বলে জবানবন্দিতে উল্লেখ রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, গত ৬ নভেম্বর শাহিদার বাড়িতে ডেকে নিয়ে রুহুল আমীনকে ঘুমের ওষুধ মেশানো পানীয় খাওয়ানো হয়। পরে বশার ও তার সহযোগী সোহেল সেখানে গিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করেন। হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয় বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সব্যসাচী মজুমদার জানান, ঘটনার পরিকল্পনাকারী নারীর স্বীকারোক্তি অনুযায়ী, আর্থিক লেনদেন ও শারীরিক সম্পর্কের জেরে তিনজনে মিলে রুহুল আমীনকে হত্যা করেছেন। গ্রেপ্তার দুই আসামিকে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।