সকালে ছেলের জানাজা, দুপুরেই মায়ের মৃত্যু
-e75aba-720x405.webp)
গোপালগঞ্জের মুকসুদপুরে ছেলের জানাজা শেষ হওয়ার প্রায় ৮০ মিনিট পর মারা গেছেন মা হাসিনা বেগম (৭২)। ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়ার পর স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে টেকেরহাট ইউএসএস মডেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাসিনা বেগম। একই পরিবারের পরপর দুই সদস্যকে হারিয়ে শোকাহত স্বজনেরা।
এর আগে, একই দিন বেলা ১১টার দিকে তার ছেলে রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ইলিয়াস ফকিরের জানাজা সম্পন্ন হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একাধিক যানবাহনের সংঘর্ষে গুরুতর আহত হন ইলিয়াস ফকির। পরে তাকে ঢাকায় নেওয়ার পথে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন হাসিনা বেগম। একপর্যায়ে তিনি স্ট্রোক করলে দ্রুত তাকে টেকেরহাট ইউএসএস মডেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর ১২টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। ওই দিন বাদ আসর তার জানাজা সম্পন্ন হয়েছে।
এদিকে একই পরিবারের পরপর দুই সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
এর আগে, শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একাধিক যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথমে একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইজিবাইকের মধ্যে একের পর এক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় শতাধিক যাত্রী আহত হন।
দুর্ঘটনার সময় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে নির্বাচনি এলাকায় যাচ্ছিলেন। পথে তার গাড়িবহরও দুর্ঘটনার কবলে পড়ে। এতে বহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও অক্ষত ছিলেন সংসদ সদস্য। ওই গাড়িবহরে থাকা বিএনপি নেতা ইলিয়াস ফকির গুরুতর আহত হন। পরে ঢাকায় নেওয়ার পথে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

