গাজীপুরে রেললাইন থেকে দুই মরদেহ উদ্ধার

গাজীপুরে রেললাইনের পাশ থেকে পৃথক দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে জয়দেবপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষ এবং কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়দেবপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যালে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
অপরদিকে, কালিয়াকৈর পৌরসভার পাকার মাথা এলাকায় ভোরে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হন। তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য লাশ দুটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
