কুষ্টিয়ায় ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

কুষ্টিয়ার ত্রিমোহনী বাজারে ভেজাল ডিএপি সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দোকানটি থেকে ২৫ বস্তা ভেজাল সার জব্দ করে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার ত্রিমোহনী বাজারে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে এ অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ত্রিমোহনী বাজারের ‘রোহান ট্রেডার্স’-এ ভেজাল ডিএপি সার বিক্রি করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরীক্ষা করে দোকানে থাকা সারের নিম্নমান ও ভেজালের বিষয়টি নিশ্চিত হওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এর মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে জব্দকৃত ২৫ বস্তা সার ধ্বংস করা হয়।
কুষ্টিয়া সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মীর রাকিবুল ইসলাম বলেন, ভেজাল সার ব্যবহার করলে ফসলের ক্ষতির পাশাপাশি মাটির উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। কৃষকদের স্বার্থ রক্ষায় নকল ও ভেজাল সারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
