সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে ইলেকট্রিশিয়ানের টিকটক

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ে ঢুকে কর্মকর্তার চেয়ারে বসে টিকটক ভিডিও ধারণ করেছেন এক যুবক। শুধু তা-ই নয়, ভিডিওতে আপত্তিকর অঙ্গভঙ্গি ও উগ্র আচরণও করতে দেখা গেছে তাকে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে সমালোচনা।
ভিডিও ধারণকারী ওই যুবকের নাম অভি মাহমুদ (২২)। ‘কালা ভাই 0.2’ নামের একটি ফেসবুক পেজ ও টিকটক অ্যাকাউন্টে ১৯ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ করা হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বুকের বোতাম খোলা অবস্থায় সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে উগ্র ভঙ্গিতে কথা বলছেন অভি। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘এই, আপনি কথা বলিয়েন না। আপনি গাছের মধ্যে পেরেক মারেন, এরপর ডিল মেরে রাখেন। আমাদের মতো বন্ধুবান্ধব চুরি করতে পারি না। আমি অফিসিয়ালভাবে আপনার বিরুদ্ধে মামলা করব। আপনি আমাকে চেনেন? এদিকে আসো।’ একপর্যায়ে আপত্তিকর অঙ্গভঙ্গির মধ্য দিয়ে ভিডিওটি শেষ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে একজন মন্তব্য করেন, ‘কমলনগর উপজেলা একটি সরকারি প্রতিষ্ঠান। সমাজসেবা কর্মকর্তার চেয়ারে বসে টিকটক করার ঘটনায় সমাজসেবা কর্মকর্তাকে ইউএনওর শোকজ করা উচিত।’
এ বিষয়ে অভিযুক্ত অভি মাহমুদ বলেন, তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান। উপজেলা পরিষদে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে দুষ্টামির ছলে ভিডিওটি ধারণ করেছিলেন। বিষয়টি এত দূর গড়াবে, তা তিনি বুঝতে পারেননি। ইতিমধ্যে ফেসবুক থেকে ভিডিওটি সরিয়ে ফেলেছেন বলেও জানান তিনি।
কমলনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুল করিম বলেন, ‘অভি ছেলেটি ইলেকট্রিশিয়ান। উপজেলার বৈদ্যুতিক কাজের জন্য সে এখানে আসে। তবে কীভাবে সুযোগ বুঝে সে ভিডিওটি ধারণ করেছে, তা আমরা জানি না।’
উপজেলা পরিষদের নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে কীভাবে এমন ভিডিও ধারণ করা হলো এবং গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হলে এর দায় কে নিতেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এর দায় অবশ্যই আমাদের ওপর বর্তায়। ইতিমধ্যে তাদের ডাকা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাতুজ জামান বলেন, ‘বিষয়টি সম্পর্কে জেনেছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’











