logo

যান্ত্রিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষের ঐতিহ্য

যান্ত্রিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষের ঐতিহ্য
কুয়াশাচ্ছন্ন ভোরে গরু-লাঙলে জমি চাষের দৃশ্য। ছবি : এশিয়া পোস্ট

কালের বিবর্তনে আধুনিক যন্ত্রের চাপে পটুয়াখালী থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে হালচাষের চিরচেনা চিত্র। দেশজুড়ে ডিজিটালাইজেশনের সুবিধা যেমন ছড়িয়ে পড়েছে, তেমনি কৃষিভিত্তিক প্রযুক্তিতেও এসেছে ব্যাপক পরিবর্তন। নতুন নতুন যন্ত্র আবিষ্কারের ফলে সারা দেশ থেকেই হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী গরু-লাঙ্গল দিয়ে জমি চাষের সেই দৃশ্য।

পটুয়াখালীতেও একসময় ভোরের আলো ফুটতেই মাঠে নেমে পড়তেন কৃষকরা। কাঠের লাঙ্গল, বাঁশ বা কাঠের জোয়াল কাঁধে বেঁধে জোড়া বলদ দিয়ে একরের পর একর জমি চাষ হতো। তখন গরু ছাড়া জমি চাষের কথা চিন্তাই করা যেত না। কিন্তু এখন সেই দৃশ্য আর দেখা যায় না বললেই চলে। ট্রাক্টর ও পাওয়ার টিলারের দখলে চলে গেছে গরু-লাঙ্গলের জায়গা।

এখন আর কৃষককে কাকডাকা ভোরে বা কুয়াশাচ্ছন্ন সকালে মাঠে যেতে হয় না। সুবিধামতো দিনে বা রাতেই ট্রাক্টর ও পাওয়ার টিলার দিয়ে অল্প সময়ে জমি চাষ ও মই দেওয়া যাচ্ছে। পরিশ্রম ও সময় কমেছে ঠিকই, তবে এর ফলে ফসলের গুণগত মান ও স্বাদ কমছে বলে মনে করেন স্থানীয় কৃষকরা; পাশাপাশি হ্রাস পাচ্ছে জমির উর্বরতাও।

দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের প্রবীণ কৃষক মো. নূর ইসলাম হাওলাদার বলেন, একসময় দুমকি এলাকার প্রায় প্রতিটি বাড়িতেই গরু পালন করা হতো এবং গরু দিয়েই জমি চাষাবাদ করা হতো।

মুরাদিয়া ইউনিয়নের প্রবীণ কৃষক মো. ইউনুস আকন জানান, যাদের নিজেদের গরু বা হাল ছিল না, তারা অন্যদের জমিতে কামলা খাটতেন। বিনিময়ে হাল মালিকরা সময়মতো তাদের জমিও চাষ করে দিতেন। ফলে চাষের মৌসুমে কামলাদের উপরি আয়েরও একটি সুযোগ তৈরি হতো।

আঙ্গারিয়া ইউনিয়নের কৃষক আব্দুল লতিফ খানের জীবনের বেশিরভাগ সময় কেটেছে লাঙ্গল-জোয়াল আর গরুর পালের সঙ্গে। ১৩-১৫ বছর বয়সে বাবা অসুস্থ থাকায় সংসারের বড় ছেলে হিসেবে তাকেই চাচাদের সঙ্গে হালচাষের কাজে নামতে হতো। সে সময় তাদের বাড়িতে তিন জোড়া বলদ ছিল। এখন বয়স ও অসুস্থতার কারণে তিনি হাল ধরা ছেড়ে দিয়েছেন। যান্ত্রিকতার আগমনে গরু দিয়ে হালচাষ এখন আর হয় না বললেই চলে। পুরনো সেই স্মৃতি আঁকড়ে ধরেই এখন তার সময় কাটছে।

পাঙ্গাসিয়া ইউনিয়নের কৃষক শাহজাহান মুন্সী বলেন, গরু দিয়ে হালচাষ করলে জমিতে ঘাস কম জন্মাতো। তাছাড়া গরুর গোবর জমিতে পড়ায় প্রচুর জৈব সার তৈরি হতো, যা ফসল উৎপাদনে দারুণ সহায়ক ছিল। পক্ষান্তরে, ট্রাক্টর দিয়ে চাষের ফলে শব্দদূষণসহ পরিবেশের ক্ষতি বাড়ে। আগে বাড়ি থেকে গরুর গোবর জমিতে ব্যবহার করা হতো, যা পরিবেশের জন্যও ভালো ছিল।

স্থানীয়দের মতে, গরু দিয়ে হালচাষ ছিল গ্রামীণ কৃষকদের মূল ভরসা। আধুনিকতার ছোঁয়ায় তা আজ বিলুপ্তির পথে। মানুষ এখন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে চাওয়ায় গ্রামীণ এই ঐতিহ্য ধরে রাখা বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে। তবে এখনো কিছু স্থানীয় কৃষক এই ঐতিহ্য লালন করে তা টিকিয়ে রাখার চেষ্টা করছেন।

বিশেষজ্ঞদের মতে, গরু দিয়ে হালচাষ বন্ধ হয়ে যাওয়ায় গ্রামীণ জনপদে কায়িক পরিশ্রম কমছে। একসময় গরুর জৈব সার ব্যবহার করে বাড়ির আঙিনায় নানা ধরনের শাকসবজি ফলানো হলেও এখন তা আর আগের মতো দেখা যায় না। তাই পরিবেশবান্ধব এই ঐতিহ্য এবং গরু পালন টিকিয়ে রাখা প্রয়োজন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরান হোসেন বলেন, গরু ও লাঙ্গল ছিল পরিবেশবান্ধব এবং আমাদের ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি। তবে আধুনিক প্রযুক্তির কারণে এখন কম সময়ে ও কম খরচে বেশি ফলন পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে কৃষিতে আরও পরিবর্তন আসবে। তবে আধুনিকতার স্রোতে গ্রামবাংলার গরু দিয়ে হালচাষের ঐতিহ্য আজ হারিয়ে যেতে বসেছে।

আসিফ আল আজাদ

সম্পাদনা

আসিফ আল আজাদ

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট