
পাবনার ভাঙ্গুড়ায় মাদকসেবনের অপরাধে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও কয়েক দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২০ জুন) রাতে উপজেলার কাশিপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। সাজা ঘোষণার পর ওই যুবককে থানায় সোপর্দ করা হয়।
দণ্ডপ্রাপ্ত তানভীর আহমেদ শিমুল (২৮) পৌর শহরের চৌবাড়ীয়া দক্ষিণপাড়া মহল্লার বাসিন্দা এবং পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর সামছুল হকের ছেলে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবনের সময় শিমুলকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।




