‘প্রত্যন্ত এলাকায় ফ্রি চিকিৎসা দিয়ে বিজিবি আমাদের উপকার করেছে’

এশিয়া পোস্ট নিউজ, সুনামগঞ্জ
‘প্রত্যন্ত এলাকায় ফ্রি চিকিৎসা দিয়ে বিজিবি আমাদের উপকার করেছে’
সুনামগঞ্জের প্রত্যন্ত এলাকায় বিজিবির চিকিৎসাসেবা। ছবি: এশিয়া পোস্ট

‘বৃষ্টি ও বন্যার পানিতে অনেকেই জ্বর, সর্দি, কাশি, চর্মরোগ ও পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। প্রত্যন্ত এলাকায় ফ্রি চিকিৎসা ও ওষুধ দিয়ে বিজিবি আমাদের বড় উপকার করেছে।’

কথাগুলো বলছিলেন ফাতেমা বেগম নামে এক নারী। তিনি সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকা লাউরগড় গ্রামের বাসিন্দা।

এ এলাকায় সোমবার (১৩ জুলাই) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৮ ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের প্রত্যন্ত এলাকার মানুষদের চিকিৎসাসেবা দেয় বিজিবি।

এদিন দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হওয়া ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসাসেবা প্রদান এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

২৮ বিজিবি জানায়, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সীমান্ত এলাকার অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে এই বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন সিলেট বিজিবির ভারপ্রাপ্ত সেক্টর মেডিকেল অফিসার মেজর চৌধুরী ইমরান মাহমুদ এবং তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. নাজমুল আরেফিন।

বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের যে কোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। মানবিক দায়িত্ববোধ থেকে সীমান্ত এলাকার ক্ষতিগ্রস্ত জনগণের জন্য এই চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।