সিলেটে পরিবহন ধর্মঘট নিয়ে নতুন সিদ্ধান্ত শ্রমিকদের

সিলেটে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরুর আগের রাতেই স্থগিত ঘোষণা করেছেন শ্রমিক নেতারা। সোমবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে এই কর্মবিরতি শুরু হওয়ার কথা ছিল। ধর্মঘট স্থগিত হওয়ায় সোমবার থেকে সিলেটে সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে।
রোববার (১৫ নভেম্বর) রাত ১০টায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিবহন নেতাদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ধর্মঘট স্থগিতের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলী আকবর রাজন জানান, প্রশাসনের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দেওয়ায় সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের ডাকা সোমবারের কর্মবিরতি স্থগিত করা হয়েছে।
সোমবার থেকে সিলেটে সর্বস্তরের পরিবহন স্বাভাবিকভাবে চালানোর জন্য শ্রমিকদের প্রতি অনুরোধ জানান তিনি।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেনও ধর্মঘট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১২ নভেম্বর রাতে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের মালিক সমিতির কার্যালয়ে সমন্বয় পরিষদের এক জরুরি সভায় তিন দফা দাবিতে সোমবার সকাল ৬টা থেকে জেলায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছিল।
দাবিগুলোর মধ্যে ছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, সিএনজিচালিত অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্ধারিত পার্কিংয়ের ব্যবস্থা করা এবং নগরী থেকে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম চলাচল বন্ধ করা।
তবে এই কর্মসূচি শুরুর আগেই ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ধর্মঘট থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছিল।
রোববারের বৈঠকে পুলিশের পক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পরিবহন শ্রমিক নেতাদের মধ্যে সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলী আকবর রাজনসহ শীর্ষ নেতারা অংশ নেন।



