logo

সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল। ছবি : এশিয়া পোস্ট

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। আগামী সোমবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে ধর্মঘট চলাকালে জেলার সব ধরনের বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকবে।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত সমন্বয় পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন শেখ ইমরান হোসেন ঝুনু। পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক নাজির আহমেদ স্বপন।

এর আগে, গত ৯ নভেম্বর দক্ষিণ সুরমার চণ্ডীপুলে এক প্রতিনিধি সমাবেশ থেকে সিএনজিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকেরা পাঁচ দফা দাবি বাস্তবায়নে ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন। তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে জেলার সব সড়ক পরিবহন মালিক-শ্রমিক এ ধর্মঘটের ঘোষণা দিয়েছেন।

অটোরিকশার মালিক-শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে—সিলেটের শোরুম থেকে কেনা সিএনজিচালিত অটোরিকশার দ্রুত নিবন্ধন দেওয়া, নতুন ই-রিকশা ও ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন বন্ধ করা, পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা, শহরে ইজিবাইক, টমটম, মিশুক ও ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করা এবং ট্রাফিক পুলিশের হয়রানি, অতিরিক্ত জরিমানা ও মামলা বন্ধ করা। পাশাপাশি ট্রাফিক বিভাগের অনিয়ম-দুর্নীতি রোধ, সিএনজির জ্বালানি সংকট নিরসন এবং বিআরটিএ সিলেটে হয়রানি বন্ধের দাবিও জানিয়েছেন তারা।

সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলী আকবর রাজন জানান, ১৫ নভেম্বরের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলোর বিষয়ে কোনো সমাধান না হলে পূর্বঘোষণা অনুযায়ী ১৬ নভেম্বর সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট কঠোরভাবে পালন করা হবে। কর্মসূচি সফল করতে জেলার সব পরিবহন মালিক ও শ্রমিকের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট