logo

ঘরের আড়ায় ঝুলছিল যুবকের হাত বাঁধা মরদেহ

ঘরের আড়ায় ঝুলছিল যুবকের হাত বাঁধা মরদেহ
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিক্স

বরগুনার আমতলীতে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় তুহিন মুন্সি (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার দুই হাত বাঁধা ছিল। তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, তুহিন মুন্সি লোদা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে স্থানীয়দের ভাষ্য। গত বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মাদকাসক্তির কারণে তার খোঁজখবর কেউ নেননি।

জানা গেছে, দুদিন ছেলের কোনো খোঁজ না পেয়ে শনিবার দুপুরে তার ঘরের দরজায় ধাক্কা দিয়ে ডাকাডাকি করেন বাবা। ভেতর থেকে সাড়া না পেয়ে ঘরের বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিলে আড়ার সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ছেলের মরদেহ দেখতে পান। এ সময় তার দুই হাত বাঁধা ছিল। পরে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তুহিনের বাবা বলেন, গত দুদিন ধরে আমার ছেলের কোনো খোঁজ ছিল না। শনিবার দুপুরে তার ঘরের দরজায় ধাক্কা দিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া পাইনি। পরে বেড়ার ফাঁক দিয়ে দেখি, তার দুই হাত বাঁধা এবং গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ ঝুলছে। আমার ছেলেকে কেউ হত্যা করে এভাবে ঝুলিয়ে রেখেছে বলে আমার ধারণা। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি জানাই।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, দুই হাত বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি আরও বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট