জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটির চারপাশ ঘিরে রেখেছে। নিরাপত্তার স্বার্থে ওভারপাসের ওপর দিয়ে যান চলাচলও বন্ধ রাখা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর উজ্জ্বল নামের এক ব্যক্তি ওভারপাস দিয়ে হেঁটে যাওয়ার সময় বস্তুটি দেখতে পান। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওভারপাসের এক পাশে পড়ে থাকা বস্তুটির গায়ে লাল টেপ প্যাঁচানো রয়েছে। এর সঙ্গে তারও দেখা গেছে। বস্তুটি ঘিরে রাখার পাশাপাশি পুলিশ ওই সড়কে যান চলাচল বন্ধ রেখেছে।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ফায়ার সার্ভিসের সদস্যরাও সেখানে রয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

