Advertisement

ইসলামী রাষ্ট্রব্যবস্থায় কারও অধিকার সংকুচিত হবে না: মুনতাছির আহমাদ

এশিয়া পোস্ট ডেস্ক
ইসলামী রাষ্ট্রব্যবস্থায় কারও অধিকার সংকুচিত হবে না: মুনতাছির আহমাদ
মুনতাছির আহমাদ

ইসলামী রাষ্ট্রব্যবস্থায় অন্য ধর্মাবলম্বীদের অধিকার সংকুচিত হবে এমন ভাবার কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ। তিনি বলেন, ইসলাম এমন একটি রাষ্ট্রব্যবস্থা ও জীবনব্যবস্থা, যেখানে অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের পূর্ণ নিশ্চয়তা এবং তাদের অধিকার সংরক্ষণের ব্যবস্থা রয়েছে।

সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে এসে এসব কথা বলেন তিনি।

মুনতাছির আহমাদ বলেন, রাসূলুল্লাহ (সা.) এবং খোলাফায়ে রাশেদার ৩০ বছরের রাষ্ট্র পরিচালনার ইতিহাস এ বিষয়ে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ইসলামী রাষ্ট্রব্যবস্থায় নাগরিকদের ধর্মীয় অধিকার রক্ষা করা হয় এবং তাদের নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের সুযোগ নিশ্চিত করা হয়।

তিনি জানান, বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হলে প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করা হবে। তারা তাদের ধর্মীয় আলোচনা, দাওয়াত, অনুষ্ঠান ও অন্যান্য আচারাদি পালনের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন থাকবে। ইসলাম কারও ওপর কিছু চাপিয়ে দেয় না, বরং সবার অধিকারের নিশ্চয়তা দেয় বলেও তিনি মন্তব্য করেন।

মুনতাছির আহমাদ আরও বলেন, মানুষের মধ্যে এমন একটি ধারণা রয়েছে যে ইসলামী রাষ্ট্র হলে কথা বলার অধিকার সংকুচিত হবে। তবে ইসলামে মতপ্রকাশের সুযোগ অবারিত। উদাহরণ হিসেবে তিনি বলেন, খলিফা হজরত ওমর (রা.)-কে একজন সাধারণ মানুষ পোশাকের হিসাব চেয়ে প্রশ্ন করেছিলেন এবং খলিফা তার জবাব দিতে বাধ্য হয়েছিলেন। তার মতে, ইসলামের ইতিহাসই জবাবদিহি ও নাগরিক অধিকারের বাস্তব উদাহরণ বহন করে।