Advertisement

বরিশালে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, বরিশাল
বরিশালে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
গ্রেপ্তার শিক্ষক মাসুম বিল্লাহ। ছবি: এশিয়া পোস্ট

বরিশালের বাবুগঞ্জে ১২ বছর বয়সী এক আবাসিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলায় মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মাসুম বিল্লাহকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গত ৩১ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর জেলার সিংড়া উপজেলার নিজ বাড়িতে অভিযান চালিয়ে মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাসুম বিল্লাহ নাটোর জেলার সিংড়া উপজেলার চক হিয়াতপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। তিনি বাবুগঞ্জ উপজেলার আল ইকরা দারুল উলুম নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ দিবাগত রাত আনুমানিক একটার দিকে মাদ্রাসার হিফজ বিভাগের ১২ বছর বয়সী এক আবাসিক শিক্ষার্থীকে ঘুম থেকে ডেকে পর্দার আড়ালে নিয়ে যৌন নির্যাতন করেন অভিযুক্ত শিক্ষক। পরে শিশুটি বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার বাবা বাদী হয়ে গত ১১ এপ্রিল বাবুগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে ছিলেন।

বিষয় :বরিশাল