logo

শাহরুখের ঘড়ির দাম ৭ কোটি টাকার বেশি, কী আছে এতে

শাহরুখের ঘড়ির দাম ৭ কোটি টাকার বেশি, কী আছে এতে
৭ কোটি টাকারও বেশি মূল্যের পাটেক ফিলিপ ব্রান্ডে ঘড়ি হাতে শাহরুখ খান। ছবি: এনডিটিভি

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ‘শাহরুখজ রেসিডেন্সেস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে নজর কেড়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। অনুষ্ঠানে তার পরনে ছিল কালো রঙের পোশাক। তবে পোশাকের চেয়েও বেশি আলোচনা তৈরি করেছে তার হাতে থাকা বিলাসবহুল ঘড়িটি। পাটেক ফিলিপের এই ঘড়ির দাম ৫ কোটি রুপিরও বেশি বলে জানা গেছে। যা বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি টাকার বেশি।

বৃহস্পতিবার দুবাইয়ে ড্যানিউবের উদ্যোগে নির্মিত ‘শাহরুখজ রেসিডেন্সেস’-এর উদ্বোধন হয়। অনুষ্ঠানে স্ত্রী ও খ্যাতিমান ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খানের সঙ্গে একই রঙের পোশাকে হাজির হন শাহরুখ। পুরো সাজে ছিল আভিজাত্য ও পরিমিত রুচির ছাপ।

কালো প্যান্ট ও ব্লেজারের সঙ্গে কালো জুতা পরেছিলেন অভিনেতা। ব্লেজারের কলার, হাতা ও পকেটে ছিল বিশেষ নকশার কাজ। সঙ্গে ছিল রঙিন কাচের চশমা, ব্রেসলেট, হীরার আংটি, হীরার নেকলেস এবং তার পরিচিত কালো ইয়ার কাফ। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে তার হাতের ঘড়িটিই সবচেয়ে বেশি নজর কেড়েছে।

ঘড়িটি পাটেক ফিলিপের ‘গ্র্যান্ড কমপ্লিকেশনস’ সংগ্রহের বলে ধারণা করা হচ্ছে। গুগল লেন্সের মাধ্যমে ছবিটি শনাক্ত করে এমন তথ্য পাওয়া গেছে। ঘড়িটির বিভিন্ন সংস্করণের দাম ৩ কোটি থেকে ৬ কোটি রুপির বেশি। অনলাইন বাজারজাতকারী প্ল্যাটফর্ম ক্রোনো২৪-এ কালো বেজেলের একটি সংস্করণের দাম ৩ কোটি ৮ লাখ রুপি। নীল বেজেলের দুটি সংস্করণের দাম যথাক্রমে ৫ কোটি ২২ লাখ (বাংলাদেশি মুদ্রায় ৭ কোটি ৩০ লাখ টাকার বেশি) ও ৬ কোটি ৩ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি ৪০ টাকার বেশি)।

পাটেক ফিলিপের গ্র্যান্ড কমপ্লিকেশনস ৫২৭১/১১পি-০১০ মডেলের ঘড়িটির ব্যাস ৪১ মিলিমিটার। প্লাটিনামের কাঠামোয় তৈরি এই ঘড়ির বেজেল ও লাগসে বসানো রয়েছে ৫৮টি ব্যাগেট কাট নীলকান্তমণি। ঘড়ির ভাঁজ করা ক্ল্যাস্পেও রয়েছে আরও ২২টি একই ধরনের নীলকান্তমণি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চলচ্চিত্র নির্মাতা করণ জোহর। একপর্যায়ে নিজের বাড়ি মান্নাতের সাজসজ্জা নিয়ে মজা করেন শাহরুখ। তিনি বলেন, বাড়ির কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার নেই; মান্নাতের মালিক গৌরী খান।

শাহরুখের ভাষ্য, বাড়িতে ওয়াই-ফাই, বিছানায় খাবার খাওয়া, দেয়ালের রং, ছবি, সিঁড়ি, লিফট, ছাদ, ঝাড়বাতি কিংবা আলোর ব্যবস্থা কোনো কিছু নিয়েই তিনি কথা বলতে পারেন না। এসব বিষয়ে গৌরীর সিদ্ধান্তই চূড়ান্ত। তার এমন রসিকতায় অনুষ্ঠানে উপস্থিত দর্শকেরা হেসে ওঠেন।