ওটিটিতে শাকিব খানের ঈদের সিনেমা

প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘রকস্টার’। আগামী ২৩ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে এটি।
সম্প্রতি চরকি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এই ঘোষণা দিয়ে জানায়, ‘অহংকার থেকে অনুতাপ, পতন থেকে পুনর্জন্ম। ২৩ জুলাই বাকি সব প্ল্যান বাদ। কারণ, সিনেমা হল কাঁপিয়ে এবার ‘রকস্টার’ আসছে চরকিতে।’
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি দর্শক মহলে বেশ আলোচনার জন্ম দিলেও বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি। তবে ওটিটি মুক্তির মাধ্যমে সিনেমাটি এবার আরও বড় পরিসরে দর্শক টানবে বলে আশা করা হচ্ছে।
‘রকস্টার’ সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। বিজ্ঞাপনচিত্র নির্মাতা হিসেবে পরিচিত রুশোর এটিই প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা।
সিনেমার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘আগুন’ নামের এক তরুণ সংগীতশিল্পী। শাস্ত্রীয় সংগীতের পারিবারিক ঐতিহ্য থাকা সত্ত্বেও সে বাবার দেখানো পথ এড়িয়ে বেছে নেয় রক গান। কিন্তু এই আকাশচুম্বী সাফল্যের পেছনে ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, সম্পর্কের জটিলতা এবং ভালোবাসার ট্র্যাজেডি তার জীবনকে এক করুণ পরিণতির দিকে নিয়ে যায়।
এই সিনেমায় শাকিব খানের বিপরীতে বড় পর্দায় জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, দিলারা জামান, রোজী সিদ্দিকী, তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, পান্থ কানাই ও কাজী সাবির।
.png)





