পাহাড়ের চূড়ায় উঠতে কষ্ট করতেই হয়: শাকিব খান

এবার ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমাটি। ছবিটি মুক্তির পর থেকেই ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য দেখা যাচ্ছে বিভিন্ন মহলে।
মুক্তির প্রথম সপ্তাহ শেষে বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর উত্তরার স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রচারণায় অংশ নেন শাকিব খান।
সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটিকে ঘিরে ছড়ানো নেতিবাচক প্রচারণার সমালোচনা করেন এই অভিনেতা।
শাকিবের অভিযোগ, সিনেমা মুক্তির প্রথম দিন থেকেই একটি নির্দিষ্ট মহল পরিকল্পিতভাবে শুধু নেতিবাচক প্রতিক্রিয়াগুলো প্রচার করেছে। ইতিবাচক মন্তব্যগুলো আড়াল করে বেছে বেছে সমালোচনামূলক অংশ ছড়িয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে তিনি বলেন, একটা সিনেমায় পজিটিভ-নেগেটিভ রিভিউ হয়। শুধু নেগেটিভ রিভিউ কেটে কেটে প্রচার করলো প্রথম দিন—এর ব্যাপারটা বুঝলাম না। এই আক্ষেপটা কার প্রতি? আক্ষেপটা কি আমার প্রতি? এই চক্রান্তটা কার প্রতি? আমার প্রতি? সানমোশন পিকচার্সের প্রতি? না রুশোর প্রতি? না আমার অন্যান্য কোনো আর্টিস্টের, আমার নায়িকাদের প্রতি? কার প্রতি আমি বুঝলাম না। নাকি বাংলা সিনেমার প্রতি?
শাকিব বলেন, ক্যারিয়ারের প্রথম বছর থেকেই আমি পলিটিকসের শিকার। যদিও আমি এটাকে শিকার বলি না। আমার কাছে মনে হয়, পাহাড়ের চূড়ায় উঠতে কষ্ট করেই উঠতে হয়। আবার চূড়ায় যদি থাকতে হয় তাহলেও অনেক স্ট্রাগল, কষ্ট করেই থাকতে হয়। এটা আমাদের ক্যারিয়ারেরই অংশ।