সিজেএফবি বিশেষ সম্মাননা পাচ্ছেন চয়নিকা চৌধুরী

দীর্ঘ ২৫ বছরের নির্মাণযাত্রার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেতে যাচ্ছেন নন্দিত নাট্যনির্মাতা ও নাট্যকার চয়নিকা চৌধুরী। দেশের সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দিচ্ছে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)।
আগামী ১৬ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (সাবেক বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) হল অব ফেমে বসবে ‘ইউরো কোলা প্রেজেন্টস ইটিভি-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড’-এর ২৫তম আসর। ওই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চয়নিকা চৌধুরীর হাতে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হবে।
নাটক নির্মাণে দীর্ঘ ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪৭৫টি একক ও ১৮টি ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন চয়নিকা। পাশাপাশি নির্মাণ করেছেন দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নাটক নির্মাণের পাশাপাশি কাহিনি রচনাতেও সক্রিয় রয়েছেন তিনি। তার নির্মিত কাজ বিভিন্ন সময়ে দর্শকের প্রশংসা ও সাড়া পেয়েছে।
দেশের জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন সিজেএফবি প্রতিবছর বিনোদন অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা শিল্পী ও কলাকুশলীদের সম্মাননা জানিয়ে আসছে। সংগঠনটির এবারের আয়োজনে বিশেষ সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন চয়নিকা চৌধুরী।
সম্মাননা পাওয়া প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, ‘অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজকের এই অবস্থানে আসতে পেরেছি। চলার পথে বাধা-বিপত্তি এসেছে বহুবার, তবু কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে সরে না গিয়ে কাজকে প্রাধান্য দিয়েছি। আর এভাবে পেয়েছি সাফল্যের দেখা, অভিজ্ঞতা হয়েছে ২৫ বছরের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার। এই অর্জনে সিজেএফবি আমাকে যে সম্মাননা জানাচ্ছে, তাতে আমি গর্বিত।’
দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে এই সম্মাননাকে নিজের নির্মাণজীবনের একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবেই দেখছেন এই নির্মাতা।