logo

বার্ধক্য নিয়ে ইতিবাচক মনোভাব কি আয়ু বাড়াতে পারে, গবেষণা কী বলছে

বার্ধক্য নিয়ে ইতিবাচক মনোভাব কি আয়ু বাড়াতে পারে, গবেষণা কী বলছে
ছবি: বিবিসি

বার্ধক্য অনেকের কাছেই ভয়ের ব্যাপার। আমরা অনেকেই চাই না আমাদের বয়স বাড়ুক। বয়স বাড়লেই শরীরের তুলনায় মানুষ মানসিকভাবে বেশি দুর্বল হয়ে যায়। নতুন কিছু শেখার ক্ষমতা হারায় বা কর্মক্ষমতা কমে যায়, এমন ধারণা অনেকের মধ্যে আছে। কিন্তু বয়স সম্পর্কে এ ধরনের নেতিবাচক চিন্তা মানুষের আত্মবিশ্বাস ও স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে।

গবেষণায় দেখা গেছে, যারা বয়স বাড়ার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখেন, তারা নেতিবাচক ধারণা পোষণকারীদের তুলনায় গড়ে কয়েক বছর বেশি বাঁচতে পারেন।

বয়সের কারণে কাউকে অযোগ্য, দুর্বল বা কোনো কাজের অনুপযুক্ত মনে করাকে বলা হয় বয়সভিত্তিক বৈষম্য বা এজিজম (Ageism)। বয়স্কদের পাশাপাশি তরুণরাও বয়সের কারণে বৈষম্যের শিকার হতে পারেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বয়স নিয়ে মানুষের নেতিবাচক ধারণা নিজের সম্পর্কেও চিন্তাভাবনা বদলে দিতে পারে। তাই বয়স সম্পর্কে ইতিবাচক মনোভাব তৈরি করা ব্যক্তিগত ও সামাজিক দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ।

বয়স নিয়ে নেতিবাচক ধারণা কীভাবে ক্ষতি করে?

পরিবার, সমাজ ও গণমাধ্যম থেকে মানুষ ছোটবেলা থেকেই বয়স সম্পর্কে বিভিন্ন ধারণা পায়। এসব ধারণার কিছু ইতিবাচক হলেও অনেক ক্ষেত্রে নেতিবাচক ধারণা তৈরি হয়। যেমন, বয়স বাড়লে আর নতুন কিছু শেখা যায় না, বয়স্ক মানুষ আধুনিক প্রযুক্তি বোঝেন না বা তাদের দিয়ে কঠিন কাজ সম্ভব না।

একসময় মানুষ নিজেও এসব ধারণা বিশ্বাস করতে শুরু করেন। ফলে সক্ষমতা থাকা সত্ত্বেও নতুন কিছু শেখা, কাজ করা বা নতুন অভিজ্ঞতা নেওয়া থেকে পিছিয়ে যান। এতে আত্মবিশ্বাস কমে যায়।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব কেন্টের গবেষক হান্না সুইফটের মতে, কোনো কাজ করার আগে বয়সের কথা মনে করিয়ে দেওয়া হলে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হতে পারে। বিশেষ করে অন্যরা তাকে কম সক্ষম মনে করবে, এমন ভয় থাকলে কাজের ফলও খারাপ হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বয়সভিত্তিক বৈষম্য মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। এটি বিষণ্নতা, উদ্বেগ, সামাজিক বিচ্ছিন্নতা ও শারীরিক সক্ষমতা কমে যাওয়ার সঙ্গে সম্পর্কিত।

ইতিবাচক মনোভাব আয়ু বাড়াতে পারে কেন?

যুক্তরাষ্ট্রের ইয়েল স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক বেকা লেভি বয়স নিয়ে মানুষের ধারণা ও দীর্ঘায়ুর সম্পর্ক নিয়ে গবেষণা করেছেন।

তার গবেষণায় দেখা গেছে, বয়স সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণকারী ব্যক্তিরা নেতিবাচক ধারণা পোষণকারীদের তুলনায় গড়ে সাড়ে সাত বছর বেশি বাঁচতে পারেন। গবেষণাটি যুক্তরাষ্ট্রের ৫০ বছর বা তার বেশি বয়সি ৬৬০ জন মানুষের তথ্যের ভিত্তিতে করা হয়েছিল।

গবেষণায় বয়স, লিঙ্গ, আর্থসামাজিক অবস্থা, একাকিত্ব ও শারীরিক সক্ষমতার মতো বিষয় বিবেচনায় নেওয়া হয়েছিল। তবে শুধু ইতিবাচক চিন্তা করলেই প্রত্যেকের আয়ু সাড়ে সাত বছর বেড়ে যাবে, এমন কোনো নিশ্চয়তা নেই। বরং বয়স সম্পর্কে নিজের ধারণার সঙ্গে দীর্ঘায়ুর একটি সম্পর্ক আছে বলে গবেষণায় উঠে এসেছে।

লেভির গবেষণায় আরও দেখা গেছে, বয়স নিয়ে ইতিবাচক ধারণা থাকা ব্যক্তিদের স্মৃতিশক্তি তুলনামূলক ভালো হতে পারে। তাদের মস্তিষ্কে আলঝেইমার রোগের সঙ্গে সম্পর্কিত কিছু পরিবর্তনের লক্ষণও তুলনামূলক কম পাওয়া গেছে।

বয়স বাড়লেও কি নতুন কিছু শেখা সম্ভব?

বয়স বাড়লে শেখার ক্ষমতা পুরোপুরি হারিয়ে যায়, এমন ধারণা একদম ঠিক না। বয়স্ক মানুষেরাও নতুন দক্ষতা অর্জন করতে পারেন, ব্যায়াম করতে পারেন ও বিভিন্ন সামাজিক কাজে অংশ নিতে পারেন।

কানাডার ম্যাকমাস্টার ইনস্টিটিউট ফর রিসার্চ অন এজিংয়ের বৈজ্ঞানিক পরিচালক পারমিন্দর রায়না বলেন, বয়স্ক মানুষের শরীর ও পেশিরও উন্নতি সম্ভব। নিয়মিত শরীরর্চার মাধ্যমে তারা আরও সক্রিয় ও কর্মক্ষম হয়ে উঠতে পারেন।

এ বিষয়ে একটি গবেষণায় দেখা গেছে, কাপড় সেলাই করে নকশা তৈরি বা ডিজিটাল ফটোগ্রাফির মতো নতুন দক্ষতা শেখার মাধ্যমে বয়স্কদের স্মৃতিশক্তির উন্নতি হতে পারে। অর্থাৎ, বয়স বাড়ার সঙ্গে কিছু শারীরিক পরিবর্তন আসা স্বাভাবিক হলেও শেখার সুযোগ শেষ হয়ে যায় না।

বয়সভিত্তিক বৈষম্য দূর করবেন যেভাবে

বয়স নিয়ে নেতিবাচক ধারণা দূর করতে নিজের চিন্তাভাবনা ও আচরণে পরিবর্তন আনা জরুরি। এ বিষয়ে অধ্যাপক বেকা লেভি তার বই ব্রেকিং দ্য এজ কোডে এবিসি (ABC) পদ্ধতির কথা বলেছেন। পদ্ধতিটির তিনটি ধাপ হলো-

A - Awareness বা সচেতনতা: বয়স নিয়ে নিজের মধ্যে কী ধরনের ধারণা আছে, তা খেয়াল করুন। প্রয়োজনে এক সপ্তাহ ধরে এ বিষয়ে নিজের চিন্তাভাবনা লিখে রাখতে পারেন।

B - Blame বা কারণ চিহ্নিত করা: কোনো সমস্যার জন্য বয়সকে দায়ী করার আগে বুঝতে হবে, সমস্যাটি সত্যিই বয়সের কারণে হচ্ছে, নাকি বয়সভিত্তিক বৈষম্যের কারণে তৈরি হয়েছে।

C - Challenge বা চ্যালেঞ্জ করা: বয়স নিয়ে প্রচলিত ধারণাগুলো যাচাই করুন। যেমন, বয়স্ক মানুষ নতুন প্রযুক্তি শিখতে পারে না এমন ধারণার কোনো ভিত্তি আছে কি না, তা ভেবে দেখুন।

এ ছাড়া বিভিন্ন বয়সের মানুষের মধ্যে যোগাযোগ বাড়ানোও জরুরি। পরিবারের ছোট-বড় সদস্যদের একসঙ্গে সময় কাটানো ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়া বয়সভিত্তিক বৈষম্য কমাতে সাহায্য করতে পারে।

বয়স বাড়াকে নেতিবাচকভাবে দেখার কারণ নেই

বয়স বাড়া জীবনের স্বাভাবিক একটি প্রক্রিয়া। বয়সের কারণে সবার শারীরিক অবস্থা বা কর্মক্ষমতা একইভাবে কমে যায় না। অনেক বয়স্ক মানুষ স্বাধীনভাবে জীবনযাপন করেন, নতুন কিছু শেখেন বা সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

তাই বয়স নিয়ে অযথা ভয় বা নেতিবাচক ধারণা না রেখে সুস্থ থাকা, নতুন কিছু শেখা ও সামাজিকভাবে সক্রিয় থাকার চেষ্টা করতে হবে। বয়স কোনো মানুষের সামর্থ্য নির্ধারণের একমাত্র মাপকাঠি হতে পারে না।

সূত্র: যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসিতে ‘Ageing is not a destructive force: How defying ageism can help you live longer’ শিরোনামে প্রকাশিত আর্টিকেলের অনুবাদ ও সম্পাদনা করেছেন সাবিহা তাবাসসুম শুচি।