logo

সকালে দেরিতে নাশতা করলে বাড়তে পারে যেসব স্বাস্থ্যঝুঁকি

সকালে দেরিতে নাশতা করলে বাড়তে পারে যেসব স্বাস্থ্যঝুঁকি
ছবি: সামা টিভি

শরীরকে সচল রাখতে ও পুষ্টি জোগাতে সকালের নাশতা খুবই গুরুত্বপূর্ণ। রাতভর না খেয়ে থাকার পর সকালের খাবার শরীরে শক্তি জোগায়। তবে কী খাচ্ছেন, তার পাশাপাশি কখন খাচ্ছেন সেটিও গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, ঘুম থেকে ওঠার এক থেকে দুই ঘণ্টার মধ্যে সকালের নাশতা খাওয়া ভালো। নিয়মিত অনেক দেরিতে নাশতা করার অভ্যাস শরীরের স্বাভাবিক বিপাকীয় প্রক্রিয়া, ক্ষুধা ও রক্তে শর্করার মাত্রায় প্রভাব ফেলতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ঘুম থেকে ওঠার দুই ঘণ্টার বেশি সময় পর সকালের খাবার খাওয়ার অভ্যাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

Advertisement

দেরিতে নাশতা করলে বিপাকীয় প্রক্রিয়ায় প্রভাব পড়ে

সারারাত না খেয়ে থাকার পর সকালের নাশতা শরীরের স্বাভাবিক কার্যক্রম শুরু করতে সাহায্য করে। নিয়মিত দিনের শুরুতে খাবার খেতে দেরি হলে শরীরের জৈবিক ঘড়ির স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটতে পারে। এর প্রভাব পড়তে পারে বিপাকীয় প্রক্রিয়ায়।

কিছু গবেষণায় সকালে দেরিতে খাবার খাওয়ার সঙ্গে ইনসুলিন প্রতিরোধের সম্পর্ক পাওয়া গেছে। ইনসুলিন প্রতিরোধ এমন একটি অবস্থা, যেখানে শরীরের কোষ ইনসুলিনের প্রতি ঠিকভাবে সাড়া দেয় না। এটি টাইপ-২ ডায়াবেটিসের অন্যতম ঝুঁকির কারণ।

কমতে পারে শক্তি, বাড়তে পারে ক্ষুধা

সকালের নাশতা দেরিতে করলে অনেকের দুপুরের খাবারের সময় অতিরিক্ত ক্ষুধা লাগতে পারে। ফলে স্বাভাবিকের তুলনায় বেশি খাবার খাওয়া হয়। আবার, দুপুরের খাবারের মাঝখানে অপ্রয়োজনীয় স্ন্যাকস খাওয়ার প্রবণতাও বাড়তে পারে।

এতে রক্তে শর্করার মাত্রায় ওঠানামা হতে পারে। পাশাপাশি শরীরে শক্তির ঘাটতি অনুভূত হতে পারে। দীর্ঘদিন এমন অভ্যাস চলতে থাকলে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কাও থাকে।

মনোযোগ ও স্মৃতিশক্তিতেও প্রভাব পড়তে পারে

রাতভর না খেয়ে থাকার পর মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রমের জন্যও শক্তি ও পুষ্টি প্রয়োজন হয়। দীর্ঘ সময় নাশতা না করলে কারও কারও ক্লান্তি, মনোযোগের ঘাটতি, এমনকি চিন্তাভাবনার স্বাভাবিক গতিতেও সমস্যা হতে পারে।

অন্যদিকে সকালের নাশতা পুষ্টিকর হলে তা স্মৃতিশক্তি, মনোযোগ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ঠিক রাখতে সহায়তা করে।

ক্ষুধা ও পেট ভরার স্বাভাবিক সংকেত ব্যাহত হতে পারে

প্রতিদিন অনিয়মিত সময়ে খাবার খাওয়ার অভ্যাস শরীরের ক্ষুধা ও পেট ভরে যাওয়ার স্বাভাবিক সংকেতকে প্রভাবিত করতে পারে। ফলে কখনও অপ্রয়োজনীয় ক্ষুধা লাগতে পারে, আবার কখনও শরীরের প্রয়োজনের তুলনায় বেশি খাবার খাওয়ার প্রবণতা তৈরি হতে পারে।

সকালের নাশতা খাওয়ার সঠিক সময় কখন?

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ঘুম থেকে ওঠার এক থেকে দুই ঘণ্টার মধ্যে সকালের নাশতা খাওয়া ভালো। এতে দিনের শুরুতেই শরীর প্রয়োজনীয় শক্তি পায় এবং নিয়মিত খাদ্যাভ্যাস বজায় রাখা সহজ হয়।

সকালের নাশতায় প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি ও আঁশযুক্ত খাবার রাখা উচিত। এসব পুষ্টি উপাদান দীর্ঘ সময় পেট ভরা রাখে। এর পাশাপাশি রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতেও সহায়তা করে।

তবে সবার শারীরিক চাহিদা ও দৈনন্দিন রুটিন এক না। তাই নিজের জীবনযাপনের ধরন অনুযায়ী নাশতার সময় নির্ধারণ করা উচিত।