logo

ইনফান্তিনোকে চ্যালেঞ্জ জানাবেন দিয়ালো, সমর্থন উয়েফার

ইনফান্তিনোকে চ্যালেঞ্জ জানাবেন দিয়ালো, সমর্থন উয়েফার
বর্তমান ফরাসি ফুটবল প্রধান লড়বেন ইনফান্তিনোর বিরুদ্ধে। ছবি: কোলাজ

ফিফার সভাপতি নির্বাচনে জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী খুঁজতে বেশ বেগ পেতে হয়েছে উয়েফাকে। আর্সেন ওয়েঙ্গারকে রাজি করানোর চেষ্টা করেও সফল হয়নি ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। তবে শেষ পর্যন্ত প্রার্থী খুঁজে পেয়েছে তারা। আগামী বছরের ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোকে চ্যালেঞ্জ জানাতে যাচ্ছেন ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি ফিলিপ দিয়ালো। ৬৩ বছর বয়সী এই ফুটবল সংগঠককে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন উয়েফার শীর্ষ পর্যায়ে প্রতিনিধিত্বকারী ইউরোপীয় ফুটবল কর্মকর্তারা। সেই প্রস্তাব গ্রহণও করেছেন দিয়ালো।

সোমবার (১৬ নভেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে উয়েফা। সংস্থাটির সভাপতি আলেকসান্দের চেফেরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উয়েফার নির্বাহী কমিটি ও ফিফা কাউন্সিলে প্রতিনিধিত্বকারী ইউরোপীয় জাতীয় ফুটবল ফেডারেশনগুলোর প্রতিনিধিরা সর্বসম্মতভাবে দিয়ালোকে সমর্থন জানান।

Advertisement

উয়েফার বিবৃতিতে বলা হয়েছে, ফিফার আগামী সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দিয়ালোকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন ফরাসি ফুটবল সংগঠক। তবে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা নিশ্চিত হতে আরও একটি ধাপ পার হতে হবে তাকে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ফরাসি ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির বৈঠকে দিয়ালোর প্রার্থিতা অনুমোদনের কথা রয়েছে। এরপর আগামী বুধবারের (১৮ নভেম্বর) মধ্যে ফিফার কাছে মনোনয়ন জমা দিতে হবে। সংস্থাটির নিয়ম অনুযায়ী, সভাপতি পদে প্রার্থী হতে অন্তত পাঁচটি সদস্য জাতীয় ফুটবল ফেডারেশনের লিখিত সমর্থন প্রয়োজন।

২০২৭ সালের ১৮ মার্চ মরক্কোর রাবাতে অনুষ্ঠিত হবে ফিফার পরবর্তী সভাপতি নির্বাচন। সেখানে আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ২০১৬ সাল থেকে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির দায়িত্বে রয়েছেন সুইজারল্যান্ডের এই ফুটবল সংগঠক।

তবে সাম্প্রতিক সময়ে ফিফার বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে ইউরোপীয় ফুটবল সংগঠকদের মধ্যে। বিশেষ করে সংস্থাটির বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগকারীদের যুক্ত করার বিতর্কিত পরিকল্পনা ইনফান্তিনোর সঙ্গে উয়েফার সম্পর্কের অবনতি ঘটিয়েছে।

দিয়ালোকে সমর্থন দেওয়ার পেছনে সেই অসন্তোষের বিষয়টিও স্পষ্ট করেছে উয়েফা। বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ফিফার বর্তমান কার্যক্রমের দিকনির্দেশনা নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে ইউরোপীয় প্রতিনিধিদের। তাদের মতে, বিশ্ব ফুটবলে আবারও পারস্পরিক আস্থা ও ঐক্য ফিরিয়ে আনা প্রয়োজন।

একই সঙ্গে ফুটবলের বৈশ্বিক উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা এবং সদস্যদেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন তারা।

উয়েফার বিবৃতিতে বলা হয়েছে, ফিফার কার্যক্রমের কেন্দ্রে বিশ্বের প্রতিটি অঞ্চলের ফুটবলের উন্নয়নকে রাখতে হবে। সর্বোচ্চ প্রশাসনিক মানদণ্ড বজায় রাখার পাশাপাশি সদস্য ফেডারেশন, মহাদেশীয় সংস্থা ও ফুটবলের অন্যান্য অংশীজনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। এসব লক্ষ্য বাস্তবায়নে দিয়ালোর নেতৃত্বের ওপর পূর্ণ আস্থা রয়েছে তাঁদের।

ফিফার বর্তমান নেতৃত্বের সঙ্গে উয়েফার বিরোধের সূত্রপাত মূলত গত জুলাইয়ের একটি বাণিজ্যিক পরিকল্পনাকে কেন্দ্র করে। তখন বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক অধিকারসংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনায় নতুন একটি প্রতিষ্ঠান গড়ার উদ্যোগ নিয়েছিলেন ইনফান্তিনো। সেই প্রতিষ্ঠানে বেসরকারি বিনিয়োগকারীদের অংশীদারত্ব দেওয়ার প্রস্তাবও ছিল।

কিন্তু পরিকল্পনাটি প্রকাশ্যে আসতেই তীব্র বিরোধিতা শুরু হয়। উয়েফার পাশাপাশি বিভিন্ন মহাদেশীয় ফুটবল সংস্থাও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে। সদস্যদেশগুলোর সঙ্গে পর্যাপ্ত আলোচনা না করেই এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ ওঠে ইনফান্তিনোর বিরুদ্ধে।

শেষ পর্যন্ত বিরোধিতার মুখে পরিকল্পনাটি প্রত্যাহার করে ফিফা। তবে তাতেও পুরোপুরি দূর হয়নি অনাস্থা। উয়েফা পরে জানায়, ফিফা লিখিতভাবে নিশ্চিত করেছে যে বিতর্কিত বাণিজ্যিক প্রকল্পটি স্থায়ীভাবে বাতিল করা হয়েছে এবং অন্য কোনো নামে ফিরিয়ে আনা হবে না।

এই বিতর্কের ধারাবাহিকতায় গত সেপ্টেম্বরে ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থন প্রত্যাহার করে ফরাসি ফুটবল ফেডারেশন। তখন দিয়ালো অভিযোগ করেন, ফিফা সভাপতির বিভিন্ন উদ্যোগ বিশ্ব ফুটবলের ভাবমূর্তি ও ঐক্যের ক্ষতি করেছে। তার মতে, বর্তমান নেতৃত্বের ওপর আস্থার জায়গাটি নষ্ট হয়েছে।

অথচ এর আগে ইনফান্তিনোর সমর্থক হিসেবেই পরিচিত ছিলেন দিয়ালো। গত জুনেও ফিফা সভাপতির প্রতি সমর্থন জানিয়েছিলেন তিনি। কয়েক মাসের ব্যবধানে সেই অবস্থান বদলে এখন সরাসরি ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ফরাসি ফুটবলপ্রধান।

অবশ্য ইনফান্তিনোর বিরুদ্ধে গ্রহণযোগ্য প্রার্থী খুঁজে বের করতে বেশ কিছুদিন ধরেই চেষ্টা চালাচ্ছিল উয়েফা। সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রথমে আলোচনায় ছিলেন সাবেক আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। বর্তমানে ফিফার বৈশ্বিক ফুটবল উন্নয়ন বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত জানান ওয়েঙ্গার।

এরপরই সামনে আসে দিয়ালোর নাম। ২০২৩ সাল থেকে ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। সে বছরই উয়েফার নির্বাহী কমিটির সদস্য হন। এর আগে ফ্রান্সের পেশাদার ফুটবল ক্লাবগুলোর প্রতিনিধিত্বকারী সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। কাজ করেছেন দেশটির পেশাদার ফুটবল লিগের পরিচালনা পর্ষদ এবং ফিফার বিরোধ নিষ্পত্তিসংক্রান্ত কাঠামোতেও।

দীর্ঘদিন ফুটবল প্রশাসনে কাজ করার অভিজ্ঞতাকেই দিয়ালোর বড় যোগ্যতা হিসেবে তুলে ধরেছে উয়েফা। তবে ইউরোপীয় ফুটবলের শীর্ষ কর্মকর্তাদের সমর্থন পেলেই ফিফার সভাপতি নির্বাচনে পর্যাপ্ত ভোট নিশ্চিত হবে না।

বিশেষ করে উয়েফার ৫৫টি সদস্য জাতীয় ফুটবল ফেডারেশনের সবগুলোর সমর্থন এখনো পাননি দিয়ালো। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবারের বৈঠকে সর্বসম্মত সমর্থন মিললেও সেটি শুধু উয়েফার নির্বাহী কমিটি ও ফিফা কাউন্সিলে প্রতিনিধিত্বকারী জাতীয় সংস্থাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য।

অন্যদিকে ফিফার মোট ভোটাধিকারপ্রাপ্ত সদস্যদেশের সংখ্যা ২১১। ফলে নির্বাচনে ফল নির্ধারণে ইউরোপের বাইরের ফুটবল ফেডারেশনগুলোর ভূমিকাও গুরুত্বপূর্ণ।

ইতোমধ্যে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থন জানিয়েছে। গত ২৩ অক্টোবর টোকিওতে অনুষ্ঠিত এএফসির বিশেষ কংগ্রেসে সংস্থাটির সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা ফিফা সভাপতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।

এদিকে ইনফান্তিনোর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর আগ্রহ জানিয়েছেন জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানসূচক সভাপতি কোজো তাশিমা ও টটেনহামের সাবেক সুইস ফুটবলার রামন ভেগাও। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সমর্থনপত্র জমা দেওয়ার পর তাদের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে বৈধ হবে কি না, সেটি নিশ্চিত হবে।

দিয়ালোকে সামনে এনে ফিফার নেতৃত্বে পরিবর্তনের চেষ্টা শুরু করেছে উয়েফা। তবে তার প্রার্থিতা অনুমোদন এবং অন্য অঞ্চলের সমর্থন আদায়ের বিষয়গুলো এখনো অমীমাংসিত। আগামী ১৮ নভেম্বর মনোনয়নের সময়সীমা শেষ হওয়ার পরই স্পষ্ট হবে, ইনফান্তিনোর বিরুদ্ধে শেষ পর্যন্ত কারা নির্বাচনী লড়াইয়ে থাকছেন।

নুরসাদ আমিন

সম্পাদনা

নুরসাদ আমিন

স্পোর্টস রিপোর্টার | এশিয়া পোস্ট