logo

জ্বর কমানোর ঘরোয়া উপায়

জ্বর কমানোর ঘরোয়া উপায়
জ্বর কমানোর ঘরোয়া উপায়। ছবি: নারায়ণা হেলথ

জ্বর আসা সাধারণ একটি সমস্যা। আমরা প্রায়ই কমবেশি জ্বরে ভুগে থাকি। শরীরের অ্যান্টিবডি দুর্বল হয়ে গেলে জ্বর আসে। একেক জনের ক্ষেত্রে জ্বরের স্থায়িত্ব একেক রকম হতে পারে। এ সময় শরীর দুর্বল লাগা, কাঁপুনি, মাথাব্যথা ও অস্বস্তি দেখা দিতে পারে। খাওয়ার রুচিও কমে যেতে পারে।

জ্বর হলে সবসময় চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন হয় না, অথবা সে সুযোগও থাকে না। বেশির ভাগ ক্ষেত্রে বিশ্রাম ও ঘরোয়া যত্নের মাধ্যমেই জ্বর থেকে সেরে ওঠা সম্ভব। তবে এ সময় কিছু নিয়ম মেনে চলা জরুরি।

পর্যাপ্ত বিশ্রাম নিন

ছবি: মেডল্যাবস গ্রুপ
ছবি: মেডল্যাবস গ্রুপ

জ্বর হলে শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে। কাজের চাপ কমিয়ে বাসায় থাকুন। শরীরকে সুস্থ হতে সময় দিলে রোগ প্রতিরোধব্যবস্থা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে।

Advertisement

পানিপট্টি দেওয়া

ছবি: এনডিটিভি
ছবি: এনডিটিভি

জ্বরের তীব্রতা কমাতে মাথায় পানিপট্টি দেওয়া খুবই পরিচিত একটি বিষয়। কাপড় পানিতে ভিজিয়ে বারবার কপালের উপর রাখলে শরীরের তাপমাত্রা কিছুটা কমানো যায় বলে মনে করা হয়। এভাবে পানিপট্টি দিলে অসুস্থ ব্যক্তি কিছুটা আরাম পেতে পারেন।

পর্যাপ্ত পানি ও তরল খাবার খান

ছবি: দ্য টাইমস অব ইন্ডিয়া
ছবি: দ্য টাইমস অব ইন্ডিয়া

জ্বর হলে খাওয়ার রুচি একদম কমে যায়। বমি বা ডায়রিয়ার কারণে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। তাই পর্যাপ্ত পানি পান করা জরুরি। পাশাপাশি ডাবের পানি, স্যুপ, ফলের রস ও ক্যাফেইনমুক্ত চা পান করতে পারেন। এগুলো শরীরে পানির ঘাটতি পূরণে সহায়তা করে।

হালকা গরম পানিতে গোসল করুন

ছবি: লাইফস্টাইল এশিয়া হংকং
ছবি: লাইফস্টাইল এশিয়া হংকং

জ্বর হলে কিছুটা শীত শীত অনুভূত হয়। এ জন্য অনেকে গরম পানি দিয়ে গোসল করতে চান। কিন্তু এসময় অতিরিক্ত গরম পানিতে গোসল করা ঠিক না। এতে শরীরের তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে। বরং হালকা কুসুম গরম পানিতে গোসল করলে শরীরের অস্বস্তি কমতে পারে।

হালকা পোশাক পরুন

ছবি: উইকিহাউ
ছবি: উইকিহাউ

জ্বরের সময় শীত শীত লাগলেও শীতের কাপড় বা ভারী কম্বল ব্যবহার করা উচিত না। এতে শরীর আরও বেশি গরম হয়ে যেতে পারে। তাই হালকা ও আরামদায়ক পোশাক পরুন।

খাবারে আদা ও রসুন রাখুন

ছবি: নারিশিং মিলস
ছবি: নারিশিং মিলস

জ্বরের সময় ক্ষুধা কমে যেতে পারে। এসময় খাবারের সঙ্গে আদা ও রসুন রাখতে পারেন। আদায় প্রদাহ কমানোর সহায়ক উপাদান আছে। আদা দিয়ে রং চা খেতে পারেন বা গরম পানিতে আদা দিয়েও খেতে পারেন। কিছু গবেষণায় রসুনের ভাইরাসবিরোধী বৈশিষ্ট্যের কথাও উঠে এসেছে। রসুন বা আদা দিয়ে স্যুপ বানিয়ে খেতে পারেন।

তুলসী পাতার পানি পান করুন

ছবি: ভেরি ওয়েল হেলথ
ছবি: ভেরি ওয়েল হেলথ

প্রাচীনকাল থেকেই জ্বর কমাতে তুলসী পাতা ব্যবহার হয়ে আসছে। এই পাতা বেশ কার্যকরী। তুলসী পাতা গরম পানিতে ফুটিয়ে সেই পানি ঠান্ডা করে পান করতে পারেন।

মধু ও লেবু পানি পান করতে পারেন

ছবি: কুক ফর ইওর লাইফ
ছবি: কুক ফর ইওর লাইফ

এক চা চামচ মধু আর কিছুটা লেবুর রস হালকা গরম পানিতে মিশিয়ে পান করতে পারেন। এতে শরীরে কিছুটা আরাম বোধ করবেন। এই পানীয় শরীরের ব্যাকটেরিয়াকেও ধ্বংস করতে পারে বলে মনে করা হয়।

প্রয়োজনে জ্বরের ওষুধ নিন

ছবি: ইন্ডিয়া টুডে
ছবি: ইন্ডিয়া টুডে

বিশ্রাম ও পর্যাপ্ত তরল পান করার পরও জ্বর না কমলে প্যারাসিটামল বা আইবুপ্রোফেনের মতো ওষুধের প্রয়োজন হতে পারে। তবে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে ওষুধ খাওয়া উচিত না। ওষুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বয়স অনুযায়ী ওষুধের সঠিক মাত্রা ঠিক করতে হবে।