logo

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ইতিহাস বাংলাদেশে আগে ঘটেনি: ব্যারিস্টার ফুয়াদ

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ইতিহাস বাংলাদেশে আগে ঘটেনি: ব্যারিস্টার ফুয়াদ
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি: এবি পার্টি

বাংলাদেশে রাজনৈতিক দুর্বৃত্তপনা, চাঁদাবাজি, জমি ও বাড়ি দখলের ঘটনা অহরহ ঘটলেও রাতের আঁধারে একটি স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনা নজিরবিহীন। স্বাস্থ্যকেন্দ্র ধ্বংসের এমন ইতিহাস দেশে এর আগে ঘটেনি বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর-১ নম্বরে ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়া ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’ এবং ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ক্ষতিগ্রস্ত স্টুডিও পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, আমরা সাধারণত বিদেশে এমন ধ্বংসযজ্ঞের কথা শুনে থাকি। কিন্তু বাংলাদেশে দরিদ্র মানুষ থেকে শুরু করে উচ্চবিত্ত পরিবারের চিকিৎসা ও টিকাদান সেবার একটি ঐতিহ্যবাহী কেন্দ্র রাতের আঁধারে গুঁড়িয়ে দেওয়া অত্যন্ত উদ্বেগজনক। ১৯৭৪ সাল থেকে বিদেশি দাতা সংস্থার সহায়তায় পরিচালিত এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি ধ্বংসের মাধ্যমে মূলত জনস্বাস্থ্য ও সাধারণ মানুষের মৌলিক অধিকারের ওপর আঘাত হানা হয়েছে।

ঘটনার বৈশ্বিক প্রভাব উল্লেখ করে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যখন জাতিসংঘ সফরে ছিলেন, ঠিক সেই সময়ে রাজধানীতে এমন ঘটনা দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র দখলের সঙ্গে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মী ও একজন মহিলা এমপির সম্পৃক্ততার তথ্য গণমাধ্যমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, কাউকে আগাম দোষী সাব্যস্ত না করে নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করতে হবে। সারারাত ধরে হামলা, ভাঙচুর ও ট্রাকে করে মালামাল লুটপাট চলল, অথচ পাশে পুলিশ অবস্থান করেও কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ব্যর্থতার দায় অবশ্যই নির্ধারণ করতে হবে।

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা তুলে ধরে তিনি বলেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনার মাত্র দুই দিনের মাথায় তরুণ প্রজন্মের পরিচিত মুখ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর ও লুটপাট করা হয়। এরপর আদাবরে দিনদুপুরে অস্ত্রের মুখে চাঁদা দাবি, মুগদায় জমি দখল এবং আশুলিয়ায় মাদ্রাসায় চাঁদাবাজির ঘটনা ঘটেছে। এসব দেখে মনে হচ্ছে দেশে দখল ও লুটপাটের মহড়া চলছে। রাষ্ট্র যদি নাগরিকের জানমাল ও প্রতিষ্ঠান রক্ষা করতে ব্যর্থ হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা আরও প্রকট হবে।

এ সময় তিনি রাজনৈতিক প্রভাব বিবেচনা না করে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার, নিরপেক্ষ বিচার এবং ক্ষতিগ্রস্ত রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রটি দ্রুত পুনর্নির্মাণ করে স্বাস্থ্যসেবা চালুর দাবি জানান।

পরিদর্শনকালে এবি পার্টির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. আবদুল ওহাব মিনার, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া ও আলতাফ হোসাইন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান এবং সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।