কাতারের সাবেক আমিরের ইন্তিকাল, শোকবইয়ে মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষর

এশিয়া পোস্ট ডেস্ক
কাতারের সাবেক আমিরের ইন্তিকাল, শোকবইয়ে মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষর
ঢাকায় অবস্থিত কাতার দূতাবাসে শোকবইয়ে স্বাক্ষর করেন মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা এবং দেশটির সাবেক আমি র শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় ঢাকায় অবস্থিত কাতার দূতাবাসে গিয়ে সংরক্ষিত শোকবইয়ে স্বাক্ষর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

এ সময় বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলি আল-কাহতানি সেক্রেটারি জেনারেলকে স্বাগত জানান এবং কাতারের শোকাহত রাজপরিবার ও জনগণের পক্ষ থেকে সমবেদনা গ্রহণ করেন।

শোকবইয়ে স্বাক্ষর শেষে মিয়া গোলাম পরওয়ার মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির রূহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তিনি শোকসন্তপ্ত রাজপরিবার, বর্তমান আমির, কাতার সরকার ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও কাতারের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান উপস্থিত ছিলেন।