ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে মেসির ওপরে বেলিংহাম

এশিয়া পোস্ট স্পোর্টস
ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে মেসির ওপরে বেলিংহাম
জুড বেলিংহাম ও লিওনেল মেসি। ছবি: গোল.কম

নরওয়ের বিপক্ষে জোড়া গোল করে ইংল্যান্ডকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলেছেন জুড বেলিংহাম। কোয়ার্টার ফাইনালের সেই পারফরম্যান্সে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়েও বড় লাফ দিয়েছেন তিনি। লিওনেল মেসিকে পেছনে ফেলে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে।

কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে হারায় ইংল্যান্ড। দলের দুটি গোলই করেন ২৩ বছর বয়সি বেলিংহাম। এর সুবাদে র‍্যাংকিংয়ে চার ধাপ এগিয়েছেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। তার অ্যাটাকিং স্কোর এখন ৮.২৫।

আর্জেন্টিনা সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করলেও সেই ম্যাচে গোল পাননি মেসি। ফলে দ্বিতীয় স্থান হারিয়ে তিনে নেমে গেছেন আর্জেন্টিনা অধিনায়ক। তার অ্যাটাকিং স্কোর ৮.০৭।

র‍্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন কিলিয়ান এমবাপ্পে। মরক্কোর বিপক্ষে ফ্রান্সের কোয়ার্টার ফাইনালে গোল করা এই ফরোয়ার্ডের অ্যাটাকিং স্কোর ৮.৯৭।

ইংল্যান্ডের কাছে হেরে নরওয়ের বিশ্বকাপ অভিযান শেষ হওয়ার পাশাপাশি র‍্যাংকিংয়েও পিছিয়েছেন আর্লিং হালান্ড। কোয়ার্টার ফাইনালে গোল না পাওয়া এই স্ট্রাইকার এক ধাপ নেমে চতুর্থ স্থানে আছেন। তার স্কোর ৭.৫৩।

মরক্কোর বিপক্ষে নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে তিন ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠেছেন ফ্রান্সের উসমান দেম্বেলে। বিপরীত অভিজ্ঞতা হয়েছে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের। নরওয়ের বিপক্ষে গোল না পাওয়ায় তিন ধাপ পিছিয়ে নবম স্থানে নেমেছেন তিনি। কেইনের অ্যাটাকিং স্কোর ৬.৯১।