Advertisement

দূষিত বাতাসের তালিকায় পিছিয়েছে ঢাকা

এশিয়া পোস্ট ডেস্ক
দূষিত বাতাসের তালিকায় পিছিয়েছে ঢাকা
ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় দীর্ঘদিন ধরেই শীর্ষে ছিল রাজধানী ঢাকা। কিন্তু টানা কয়েকদিনের বৃষ্টির পর অবশেষে সেই তালিকা থেকে বাদ পড়ে শীর্ষ ২০-এর বাইরে এসেছে ঢাকা।

শনিবার (১ আগস্ট) আন্তর্জাতিক বায়ুমান ট্র্যাকার আইকিউএয়ার-এর সূচক অনুযায়ী, দূষিত শহরের তালিকায় ঢাকা রয়েছে ২২ নম্বরে। সকালে শহরের বায়ুমানের স্কোর দাঁড়িয়েছে ৮৪, পরিবেশবিদদের মতে যা 'মাঝারি' বা মোটামুটি সহনশীল মাত্রা।

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, ধারাবাহিক বর্ষণে বাতাসে ভেসে থাকা ধূলিকণা ও অন্যান্য ক্ষতিকর উপাদান ধুয়ে যাওয়ায় বায়ুমানের এ পরিবর্তন এসেছে।

এদিকে ৩২৪ স্কোর নিয়ে বৈশ্বিক তালিকার সবচেয়ে খারাপ বা 'ঝুঁকিপূর্ণ' অবস্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। দ্বিতীয় স্থানে থাকা উগান্ডার কামপালার স্কোর ২০৭। দূষণের 'অস্বাস্থ্যকর' ক্যাটাগরিতে ঠাঁই পেয়েছে জাকার্তা (ইন্দোনেশিয়া) ও দুবাই (সংযুক্ত আরব আমিরাত)।

আইকিউএয়ারের বাতাসের মানদণ্ড অনুযায়ী স্কোর ০-৫০ হলে 'ভালো', ৫১-১০০ হলে 'মাঝারি', ১০১-১৫০ হলে 'সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর', ১৫১-২০০ হলে 'অস্বাস্থ্যকর', ২০১-৩০০ হলে 'খুবই অস্বাস্থ্যকর' এবং ৩০১-এর ওপরে উঠলে তাকে 'ঝুঁকিপূর্ণ' বলে গণ্য করা হয়।