শিক্ষামন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেননি প্রধানমন্ত্রী

এশিয়া পোস্ট ডেস্ক
শিক্ষামন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেননি প্রধানমন্ত্রী
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে প্রধানমন্ত্রী তারেক রহমান পদত্যাগের নির্দেশ দিয়েছেন দাবিতে ফেসবুকে প্রচারণা। ছবি : ফেসবুক

তীব্র বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও গত ১৩ জুলাই এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে আন্দোলনে নেমেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। পাশাপাশি এক শিক্ষার্থীর সঙ্গে শিক্ষামন্ত্রীর কথোপকথনের অডিও সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করে। এরমধ্যেই শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে প্রধানমন্ত্রী তারেক রহমান পদত্যাগের নির্দেশ দিয়েছেন দাবিতে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ছে।

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।

প্রচারিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, ফেসবুকে ‘নিউজ বাংলা’ নামে একটি পেজ থেকে ফটোকার্ডটি সর্বপ্রথম পোস্ট করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর ছবি পাশাপাশি ব্যবহার করে নীচের অংশে দাবিটি বসানো হয়েছে। এতে লিখা হয়েছে, ‘অবশেষে শিক্ষা মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর।’ ফটোকার্ডটি ‘প্রধানমন্ত্রীর কার্যালয়’ নামে পরিচালিত গ্রুপের পাশাপাশি আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপেও পোস্ট করতে দেখা গেছে।

তবে প্রচারিত দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত কোনো সংবাদমাধ্যমে এ সম্পর্কিত কোনো সংবাদ পাওয়া যায়নি। এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল পেজেও এ সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।

অর্থাৎ, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে প্রধানমন্ত্রী তারেক রহমান পদত্যাগের নির্দেশ দিয়েছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া। নির্ভরযোগ্য সূত্রে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।

বিষয় :asiapost