Advertisement

নেইমারকে ইয়ামালের বিশ্বকাপ শিরোপা উৎসর্গ করার খবরটি ভুয়া

এশিয়া পোস্ট ডেস্ক
নেইমারকে ইয়ামালের বিশ্বকাপ শিরোপা উৎসর্গ করার খবরটি ভুয়া
লামিনে ইয়ামাল তার আইডল নেইমারকে বিশ্বকাপ শিরোপা উৎসর্গ করেছেন দাবিতে ভুয়া খবর প্রচার। ছবি : ফেসবুক

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় স্পেন। জয়ের প্রতিক্রিয়ায় দেশটির জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়ার লামিনে ইয়ামাল তার আইডল নেইমারকে শিরোপা উৎসর্গ করেছেন দাবিতে বেশকিছু পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা মেলেনি। বরং দলটির আরেক খেলোয়ার নিকো উইলিয়ামসের ট্রফি উৎসর্গের খবরের পাশাপাশি ইয়ামালের নেইমার-ভক্তির পুরোনো তথ্য জোড়া দিয়ে বিভ্রান্তিকর দাবিটি প্রচার করা হচ্ছে।

আলোচিত দাবিটির সঙ্গে ইয়ামালের বক্তব্য দাবিতে একটি ফটোকার্ডও প্রচার করা হচ্ছে। এতে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার এবং লামিনে ইয়ামালের ছবি পাশাপাশি ব্যবহার করে বক্তব্যটি বসানো হয়েছে। লামিনে ইয়ামাল বলেছেন দাবি করে এতে লিখা হয়েছে, ‘আমি আপনাদের বলেছিলাম আমরা ফ্রান্সকে হারাবো, আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হব। অনেকে সেটা বিশ্বাস করেনি। আমরা করে দেখিয়েছি। আর শেষে, আমি এই বিশ্বকাপটি আমার আইডল নেইমারকে উৎসর্গ করলাম।’

তবে লামিনে ইয়ামালের ‘নেইমারকে শিরোপা উৎসর্গ’ শীর্ষক দাবিটি সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমে এ ধরনের কোনো সংবাদ পাওয়া যায়নি। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক এবং ইন্সটাগ্রামে লামিনে ইয়ামালের ভ্যারিফায়েড প্রোফাইলেও এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি।

এ সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চে যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ‘হোলা ইউএসএ’ নামে একটি পেজে ইয়ামালের শিরোপা উদযাপনের মুহুর্ত নিয়ে বেশ কিছু পোস্ট করা হয়েছে। এতে দেখা যায়, ফাইনাল ম্যাচ শেষে লামিনে ইয়ামাল মাঠের মধ্যে তাঁর মা শেইলা এবানা, প্রেমিকা ইনেস গার্সিয়া এবং তাঁর ৩ বছর বয়সী ছোট ভাই কিয়েনের সাথে ট্রফি উদযাপন করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হন।

অন্যদিকে, আরেক স্প্যানিশ ফুটবল তারকা নিকো উইলিয়ামস জয় পরবর্তী প্রতিক্রিয়ায় বলেছেন,‘আমি ভীষণ আনন্দিত। এটি আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। নেইমার আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আশা করি তিনি আমাদের এই ম্যাচ দেখেছেন। এই শিরোপার একটি অংশ আমি তার উদ্দেশেই উৎসর্গ করছি।’ দেখুন এখানে এবং এখানে

অর্থাৎ, স্প্যানিশ ফুটবল তারকা নিকো উইলিয়ামস নেইমারকে তার ‘সবচেয়ে বড় অনুপ্রেরণা’ উল্লেখ করে শিরোপার একটি অংশ তার উদ্দেশেই উৎসর্গ করার ঘোষণা দিয়েছেন। তবে পূর্বের এক সাক্ষাতকারে লামিনে ইয়ামাল নেইমারকে নিজের ফুটবলের প্রাথমিক আইডল হিসেবে বর্ণনা করলেও জয়ের পর তাকে শিরোপা উৎসর্গ করা সম্পর্কিত দাবিটির সত্যতা পাওয়া যায়নি।

বিষয় :asiapost