ওয়াসাকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নির্দেশ

ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, উন্নয়ন প্রকল্প সময়মতো বাস্তবায়ন ও সেবার মান বাড়ানো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
শনিবার (১১ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে সব ওয়াসার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের কাছে কাঙ্ক্ষিত সেবা পৌঁছাতে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। প্রতিটি প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে এবং কাজের মান নিশ্চিত করতে হবে। তিনি ওয়াসার কার্যক্রম পরিচালনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রশাসনিক ও কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
সভায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী ওয়াসার বিভিন্ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরা হয়। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জগুলোর কথাও উল্লেখ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রতিমন্ত্রী এসব সমস্যা দ্রুত শনাক্ত করে সমন্বিত উদ্যোগে সমাধানের ওপর জোর দেন।
মীর শাহে আলম বলেন, প্রকল্প গ্রহণের আগে সম্ভাব্যতা যাচাই আরও সতর্কতার সঙ্গে করতে হবে, যাতে বাস্তবায়নের সময় কোনো জটিলতা তৈরি না হয়। একই সঙ্গে মাঠপর্যায়ে কার্যক্রমের নিবিড় তদারকির নির্দেশ দেন তিনি।
শিগগিরই ঢাকাসহ বিভিন্ন বিভাগের ওয়াসার প্ল্যান্ট পরিদর্শন করবেন। এর মাধ্যমে বাস্তব অবস্থা যাচাই করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলে তিনি জানান।
এ সময় সরকারি কর্মকর্তাদের দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখা এবং যথাসময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করার পরামর্শ দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি ওয়াসার সেবামূলক কার্যক্রম জনগণের কাছে আরও জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয় ও ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
.png)





