আইন ভঙ্গকারী চালকদের লাইসেন্স পয়েন্ট কাটা যাচ্ছে

ট্রাফিক আইন লঙ্ঘনকারী মোটরযানের চালকদের বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্সের দোষ সূচক (ডিমেরিট) পয়েন্ট কাটছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
গত জুন মাসের অভিযানে ৭৫টি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে মোট ৭৮ পয়েন্ট কর্তন করেছেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত।
মূলত সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিটি মোটরযান চালকের ড্রাইভিং লাইসেন্সে সর্বোচ্চ ১২টি পয়েন্ট বরাদ্দ থাকে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিআরটিএর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
সংস্থাটি জানায়, নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইন লঙ্ঘনকারী চালকদের বিরুদ্ধে ডিমেরিট পয়েন্ট কর্তনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সবাইকে সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
গত ২৬ জুন বিআরটিএ এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিটি মোটরযানচালকের ড্রাইভিং লাইসেন্সে সর্বোচ্চ ১২টি পয়েন্ট বরাদ্দ থাকে। আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের ক্ষেত্রে অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি চালকের লাইসেন্স থেকে দোষ সূচক (ডিমেরিট) পয়েন্টও কর্তনের বিধান রয়েছে।
সংস্থাটি আরও জানায়, এ বিধান বাস্তবায়নে ‘রোড সেফটি পেনাল্টি সিস্টেম’ (আরএসপিএস) অ্যাপের মাধ্যমে অপরাধী চালকদের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কাটা হচ্ছে।
এ ছাড়া মোটরযান চালকদের বিদ্যমান আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণ করে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ।





