মুজিববর্ষ পালনে ৯৮২ কোটি ৯১ লাখ টাকা খরচ: অর্থমন্ত্রী

এশিয়া পোস্ট ডেস্ক
মুজিববর্ষ পালনে ৯৮২ কোটি ৯১ লাখ টাকা খরচ: অর্থমন্ত্রী
ছবি : সংগৃহীত

তৎকালীন আওয়ামী লীগ সরকার মুজিববর্ষ কর্মসূচিতে সরকারের মোট কত টাকা ব্যয় হয়েছে, তার হিসাব জাতীয় সংসদে প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, এই কর্মসূচিতে ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা খরচ করা হয়েছে।

রোববার (১২ জুলাই) জাতীয় সংসদে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলালের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন বিকেল ৩টা ২ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়।

অর্থমন্ত্রী বলেন, ‘মুজিববর্ষ’ পালন উপলক্ষে প্রতিটি জেলা ও উপজেলায় বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন, শেখ মুজিবের ছবি ও বেদি নির্মাণ, বিভিন্ন সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তি নির্মাণ এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সব মন্ত্রণালয় ও বিভাগ সর্বমোট এ অর্থ ব্যয় করেছে।

অর্থমন্ত্রী এ-সংক্রান্ত ‘মুজিববর্ষ উদযাপন বাবদ ব্যয় বিবরণী’র একটি কপিও সংযুক্ত করে সংসদে পেশ করেন।

তিনি আরও বলেন, ওই বছর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বছরের খাবারের খরচ হিসাবে ৩৫ কোটি টাকা দেখানো হয়েছে।