ফজলে হুদা বাবুল

১৭ বছর বিএনপি ক্ষমতায় থাকলে দেশ বুলেট ট্রেন পেত

এশিয়া পোস্ট প্রতিবেদক
১৭ বছর বিএনপি ক্ষমতায় থাকলে দেশ বুলেট ট্রেন পেত
ফজলে হুদা বাবুল। ছবি: সংগৃহীত

গত ১৭ বছর বিএনপি ক্ষমতায় থাকলে দেশে হয়তো বুলেট ট্রেন হয়ে যেত বলে মন্তব্য করেছেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। তিনি বলেন, আওয়ামী লীগ আমলের মেগা প্রকল্পগুলোতে উন্নয়নের চেয়ে মেগা দুর্নীতিই বেশি হয়েছে এবং জনগণের ট্যাক্সের টাকা লুট করা হয়েছে।

সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে এসে এ কথা বলেন তিনি।

ফজলে হুদা বাবুল বলেন, অবকাঠামো উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া এবং ১৭ বছর ক্ষমতায় থাকলে যে কোনো দলই উন্নয়ন করত। তবে বর্তমান শাসনামলে প্রকল্পের ব্যয় অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেখানো হয়েছে, যা অন্য দেশের তুলনায় কয়েক গুণ বেশি।

উন্নয়নের নামে উত্তরাঞ্চলের কয়লা ও পাথর পর্যন্ত চুরি হয়েছে বলে জানান তিনি। তার মতে, টেলিভিশন ও সংবাদপত্রে যে উন্নয়নের চাকচিক্য দেখা যায়, তা মূলত শহরকেন্দ্রিক।

গ্রামীণ অবকাঠামোর প্রকৃত উন্নয়ন হয়নি উল্লেখ করে এই সংসদ সদস্য বলেন, গ্রামে এখনও রাস্তার বেহাল দশা। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার বাকি রয়ে গেছে। বিএনপি ক্ষমতায় থাকলে মেগা দুর্নীতির বদলে জনবান্ধব ও বাস্তবসম্মত উন্নয়ন প্রকল্প গ্রহণ করত।