বাংলাদেশের রাজনীতি পরিবর্তনের সূচনা হয়েছে: নাদিয়া পাঠান

বাংলাদেশের রাজনীতি পরিবর্তনের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মনোনীত নারী সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন। তিনি বলেন, ৫ আগস্টের আগের এবং পরের রাজনীতির অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। সেই ভিন্নতার মধ্য দিয়েই আমাদের এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে।
সম্প্রতি এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে এসে এ মন্তব্য করেন তিনি।
নাদিয়া পাঠান পাপন বলেন, দীর্ঘ ১৭ বছরের রাজপথের লড়াইয়ের পর এখন আমরা এক নতুন পরিস্থিতির মুখোমুখি হয়েছি, যা বিগত বছরগুলোর চেয়ে একেবারেই আলাদা। আগের অভিজ্ঞতা ছিল টিকে থাকার এবং নিরন্তর সংগ্রামের, আর এখনকার যাত্রা হচ্ছে শুধু একটি সুন্দর ও নতুন বাংলাদেশ গড়ার শুরুর দিকের কাজ।
বর্তমান প্রজন্মের জন্য বড় শিক্ষার বিষয় উল্লেখ করে তিনি বলেন, এই দীর্ঘ সময়ে আমাদের অনেক প্রতিকূলতা পার করতে হয়েছে এবং অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, যা বর্তমান প্রজন্মের জন্য বড় শিক্ষার বিষয়। রাজনীতির এই নতুন অধ্যায়ে অভিজ্ঞতা ও নতুনের সংমিশ্রণ ঘটিয়ে আমাদের সামনের দিকে পা বাড়াতে হবে।
তার মতে, ভিন্নতাগুলো ও নতুন চ্যালেঞ্জগুলো মেনে নিয়েই আগামী দিনে পথ চলতে হবে। রাজনীতির এই বিশাল পথ পরিক্রমায় যে পরিবর্তনের সূচনা হয়েছে, তা ইতিবাচকভাবে গ্রহণ করে দেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখাই এখন আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।
একটি সুস্থ ধারার রাজনৈতিক চর্চা শুরুর প্রত্যাশা জানিয়ে এই এমপি বলেন, যেখানে প্রতিহিংসার বদলে উন্নয়নই হবে মূল বিষয়। এই নতুন যাত্রায় প্রতিটি কর্মীকে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়ে দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে সচেষ্ট হতে হবে।





