বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব নতুন প্রজন্মকেই নিতে হবে: শাহে আলম

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব নতুন প্রজন্মকেই নিতে হবে: শাহে আলম
শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী। ছবি: এশিয়া পোস্ট

নতুন প্রজন্মকে দেশপ্রেম, শিক্ষা ও পরিবেশ সংরক্ষণের চেতনায় গড়ে তোলার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব নতুন প্রজন্মকেই নিতে হবে।

তিনি বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে, খেলাধুলায় দক্ষতা অর্জন করে এবং বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে একটি সমৃদ্ধ, সবুজ ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে বগুড়ার মোকামতলা উপজেলার স্বর্ণগ্রাম ইউনিয়নের দাড়িদহ উচ্চবিদ্যালয় মাঠে ময়দানহাট্টা ও স্বর্ণগ্রাম ইউনিয়নের ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ছয় হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও সিদ্ধান্ত হলো—‘একজন ছাত্র, একটি গাছ’। এই মহৎ উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবেই আমাদের এ আয়োজন। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি করে গাছ রোপণ করবে, পরিচর্যা করবে এবং পরিবেশ রক্ষার দূত হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা তুলে দেন প্রতিমন্ত্রী।

বিষয় :বগুড়া