Advertisement

গণ-অভ্যুত্থানে ঢাবির হল থেকে ছাত্রলীগকে তাড়িয়ে বের করেছিলাম: এস এম ফরহাদ

এশিয়া পোস্ট প্রতিবেদক
গণ-অভ্যুত্থানে ঢাবির হল থেকে ছাত্রলীগকে তাড়িয়ে বের করেছিলাম: এস এম ফরহাদ
ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ। ছবি: এশিয়া পোস্ট

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলো ছাত্রলীগ মুক্ত হওয়ার ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে আজ শুক্রবার (১৭ জুলাই) ‘লীগ ধর ম্যারাথন’-এর আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

ম্যারাথন শেষে আয়োজিত সংক্ষেপ সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ক্যাম্পাসগুলোতে যেন আর কেউ কখনো হল দখল কিংবা নির্যাতনের অন্ধকার রাজনীতি ফিরিয়ে আনার দুঃসাহস না দেখায়।

বক্তব্যে এস এম ফরহাদ বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে ছাত্রলীগকে তাড়িয়ে বিতাড়িত করেছিলাম; আজ সেই ঐতিহাসিক দিন। আজকের এই দিনে সাধারণ শিক্ষার্থীদের অদম্য প্রতিরোধ ও অভিযানের মুখে ছাত্রলীগ হল ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল।

সেদিনের রক্তঝরা ও ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে তিনি আরও বলেন, ক্ষমতায় ফাসিবাদী দল আওয়ামী লীগ থাকা সত্ত্বেও, এমনকি পুলিশসহ সব রাষ্ট্রীয় বাহিনী তাদের পক্ষে থাকা সত্ত্বেও বাংলাদেশের প্রতিটি কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে সন্ত্রাসী ছাত্রলীগ লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছিল। যারা নতুন করে আবার হল দখল করতে চায়, যারা ফের নির্যাতন চালাতে চায়, যারা আবার সেই অভিশপ্ত গণরুম-গেস্টরুম প্রথা ফিরিয়ে আনতে চায় কিংবা শিক্ষার্থীদের দাস বানানোর প্রকল্প হাজির করতে চায় তাদের জন্য আজকের এই আয়োজন একটি কড়া রিমাইন্ডার।

ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের সার্বিক অধিকার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, সাধারণ শিক্ষার্থীদের সজাগ রাখতে এবং প্রতিরোধের চেতনা ধরে রাখতে প্রতিবছর এই বিশেষ দিনে নানা কর্মসূচির ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

সবশেষে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে এস এম ফরহাদ বলেন, সাধারণ শিক্ষার্থীদের তীব্র প্রতিরোধে ছাত্রলীগ যেভাবে হলছাড়া হয়েছিল, তখনকার প্রতিটি ঘটনা আমরা বারবার স্মরণ করিয়ে দেব; যাতে ভবিষ্যতে কেউ আর কখনো হল দখলের ঘৃণ্য রাজনীতি করার সাহস না পায়।