ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন সুধাসদন থেকে মোহাম্মদ শাকিল (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে স্থানীয়দের খবরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে বিকেল সাড়ে ৩টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়াদুজ্জামান জানান, পরিত্যক্ত ভবনের ভেতরে এক যুবককে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিহত শাকিল মোহাম্মদপুরের জিগাতলা এলাকার শিবপুর টালি অফিস সংলগ্ন ২৯৫/জি/এইচ/এ/৭ নম্বর বাসার বাসিন্দা। তিনি সেকান্দার আলী মাতুব্বর ও আসমা বেগমের ছেলে।
.png)





