শাহজালালে আবারও আগুনের খবর, ঘটনাস্থলে মিলল ধোঁয়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে সেখানে গিয়ে আগুনের অস্তিত্ব পাননি তারা। কার্গো ভিলেজের পাশের একটি ময়লার স্তূপ থেকে ধোঁয়া উড়তে দেখেন তারা।
শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় দুটি ইউনিট।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘রাত ৯টা ২০ মিনিটে কার্গো ভিলেজে আগুন লাগার সংবাদ পাই। দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুনের কোনো অস্তিত্ব পায়নি। তবে কার্গো ভিলেজের পাশে একটি ময়লার স্তূপে ধোঁয়া দেখা যায়। সেখানে সহকর্মীরা কাজ করছেন।’
প্রাথমিকভাবে ধোঁয়ার উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, ‘ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত টিমের কার্যক্রম শেষে বিস্তারিত প্রতিবেদন পাওয়া গেলে সঠিক কারণ জানা যাবে।’
সম্প্রতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে কয়েক দফা আগুন লাগার ঘটনা ঘটেছিল। এরই মধ্যে আবারও আগুনের খবর ছড়িয়ে পড়ায় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
.png)





