রাতভর বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকার বিভিন্ন সড়ক

এশিয়া পোস্ট নিউজ
রাতভর বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকার বিভিন্ন সড়ক
ছবি: সংগৃহীত

রাজধানীতে শনিবার গভীর রাত থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টিতে রোববার সকালে ঢাকার বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি জমে জনদুর্ভোগ দেখা দিয়েছে।

রোববার (১২ জুলাই) ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত রাজধানীতে অঝোরে বৃষ্টি হয়। এতে পল্টন, আরামবাগ, ফকিরাপুল, গ্রিন রোড, তেজতুরী বাজার, পান্থপথ, মণিপুর, বসুন্ধরা আবাসিক এলাকা, ধানমন্ডি ২৭, ধানমন্ডি ৩২, মোহাম্মদপুর, কারওয়ান বাজার, শ্যাওড়াপাড়াসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যায়। ফলে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

সকালে কর্মস্থলে যেতে গিয়ে দুর্ভোগে পড়েন রাজধানীর বিভিন্ন এলাকার মানুষ। আদাবর থেকে কারওয়ান বাজারে যাওয়ার পথে মোহাম্মদপুর থানা এলাকা, ধানমন্ডি ২৭ ও ৩২ নম্বর সড়কের পেছনের অংশে হাঁটুপানি অতিক্রম করে কর্মস্থলে পৌঁছাতে হয়েছে অনেককে।

টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় স্বাভাবিক যান চলাচলও ব্যাহত হয়েছে। অনেক সড়কে যানবাহনের গতি কমে যায় এবং জলাবদ্ধতার কারণে পথচারীদেরও দুর্ভোগে পড়তে হয়।

আবহাওয়া অধিদপ্তর এর আগে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। এরই ধারাবাহিকতায় রাজধানীতে এই ভারী বর্ষণ ও জলাবদ্ধতার পরিস্থিতি তৈরি হয়েছে।