গেন্ডারিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

রাজধানীর গেন্ডারিয়া থানার লোহারপুল এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. সিয়াম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সিয়াম পল্টনের একটি ট্রাভেলস এজেন্সিতে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (১৯ মে) সকাল ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই পিন্টু জানান, তিনি একজন অটোরিকশাচালক। রাতে প্রায় ৩টার দিকে বাসায় ফিরে দেখেন, ছোট ভাই সিয়াম (২০) রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কারা কী কারণে সিয়ামের ওপর হামলা চালিয়েছে, সে বিষয়ে তারা কিছুই জানেন না।
তিনি আরও বলেন, তাদের নিজ বাড়ি গেন্ডারিয়া কে বি রোড লোহারপুল এলাকার ৯৭ নম্বর বাসায়। সিয়াম পরিবারের সবচেয়ে ছোট সন্তান ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, চিকিৎসকের বরাত অনুযায়ী সিয়ামকে মৃত ঘোষণা করা হয়েছে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
.png)






