Advertisement

প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা নিয়ে কোনো অর্জন নেই: নাহিদ ইসলাম

এশিয়া পোস্ট নিউজ, কুড়িগ্রাম
প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা নিয়ে কোনো অর্জন নেই: নাহিদ ইসলাম
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রী চীন সফর করলেও কোনো অর্জন নিয়ে ফিরতে পারেননি বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার টগরাইহাট উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় কৃষক শক্তির আয়োজনে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আবু সাঈদ দুই হাত প্রসারিত করে বুক পেতে বুলেট গ্রহণের মধ্য দিয়ে গণ-অভ্যুত্থানের যাত্রা শুরু করেছিলেন। তিনি ছিলেন একজন কৃষক পরিবারের সন্তান। এ অঞ্চলে যারা গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছেন এবং নেতৃত্ব দিয়েছেন, তাদের বেশির ভাগই কৃষক পরিবারের সন্তান।

তিনি আরও বলেন, সরকার কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ফসল না কিনে দেশের কৃষিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে দেশের খাদ্য নিরাপত্তাও মারাত্মক হুমকির মুখে পড়বে।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ডা. আতিক মুজাহিদ, কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসাসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা কৃষকদের বিভিন্ন সমস্যা, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, সেচ, সার ও বীজের সহজ প্রাপ্যতা এবং উত্তরাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য দূর করার দাবি তুলে ধরেন।