মিঠাপুকুরে পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, জরিমানা

এশিয়া পোস্ট নিউজ, রংপুর
মিঠাপুকুরে পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, জরিমানা
ছবি: সংগৃহীত

ঈদুল আজহাকে কেন্দ্র করে রংপুরের মিঠাপুকুর উপজেলার প্রধান পশুর হাটগুলোতে সরকারি নির্দেশনা ও নীতিমালা উপেক্ষা করে অতিরিক্ত টোল (হাসিল) আদায়ের ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি হাটে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ।

জানা যায়, মিঠাপুকুর উপজেলার পশুর হাট গুলোতে ক্রেতা বিক্রেতাদের কাছে অতিরিক্ত টোল আদায়ের পাশাপাশি কোনো কোনো ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতাদের দেওয়া রশিদে আদায় করা টাকার পরিমাণ উল্লেখ করা হচ্ছে না। এতে কোরবানির পশু কিনতে এসে চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন সাধারণ মানুষ। এ ঘটনার প্রেক্ষিতে অতিরিক্ত টোল আদায়ের সুনির্দিষ্ট অভিযোগে মঙ্গলবার (২৬ মে) উপজেলার বৈরাতী পশুর হাটে অভিযান চালিয়ে ইজারাদার প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও একই অভিযোগে উপজেলার জায়গীরহাটে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সরেজমিনে মঙ্গলবার কয়েকটি পশুরহাটে গিয়ে দেখা যায়, ইজারাদারের লোকজন সরকারি নীতিমালা তোয়াক্কা না করে গরু প্রতি ক্রেতার কাছ থেকে ৭০০ টাকা এবং বিক্রেতার কাছ থেকে ৩০০ টাকা করে টোল আদায় করছেন। একই চিত্র দেখা গেছে ছাগল ও ভেড়া বেচাকেনার ক্ষেত্রেও। আজ বৈরাতী হাট থেকে ৩৮ হাজার ৫০০ টাকা দিয়ে একটি গরু ক্রয় করেন আশরাফুল নামে এক ক্রেতা। তিনি অভিযোগ করেন, গরুটি কেনার পর তার কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে ১ হাজার টাকা হাসিল নেওয়া হয়েছে। ইজারাদারের লোকজন তাকে রশিদ দিলেও সেখানে টাকার অঙ্ক লেখা ছিল না।

আরেক ভুক্তভোগী আসাদুজ্জামান রতনের এমন লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বৈরাতী হাট পশুরহাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মিঠাপুকুর উপজেলা প্রশাসন। এ সময় অতিরিক্ত হাসিল আদায়ের অপরাধে ইজারাদার পক্ষকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ পারভেজ।

এদিকে হাটে ইজারাদারদের এমন নৈরাজ্য ও অতিরিক্ত হাসিল আদায় বন্ধে স্থানীয় সচেতন নাগরিকরা একটি বিশেষ স্বেচ্ছাসেবক টিম গঠন করেছেন। এই টিমের সদস্যরা হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের অতিরিক্ত টোল না দেওয়ার জন্য নিরুৎসাহিত করছেন এবং সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছেন।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. পারভেজ এশিয়া পোস্টকে জানান, ঈদকে সামনে রেখে উপজেলার সব কোরবানির পশুর হাটে নির্ধারিত হারের বাইরে যেন কোনো অতিরিক্ত হাসিল আদায় না হতে পারে, সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বৈরাতীহাট ও জায়গীরহাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।