কারাবন্দি সাবেক এমপি নূর মোহাম্মদকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তারের নির্দেশ

কারাগারে থাকা জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ জুলাই) জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বকশীগঞ্জ আমলি আদালতের বিচারক তানজিনা আক্তার এ আদেশ দেন।
সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জামালপুর জেলার কোষাধ্যক্ষ। তাকে গত ২৭ জুন রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
তার বিরুদ্ধে জামালপুরের বকশীগঞ্জ থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন।
তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম সাবেক এমপি নূর মোহাম্মদকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেছিলেন। আদালত তার আবেদন মঞ্জুর করেছেন।
এ বিষয়ে আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুজ্জামান গামা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বকশীগঞ্জ থানায় নূর মোহাম্মদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা হয়। ঢাকায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে যান। কারাগারে থাকা অবস্থায় বকশীগঞ্জ থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছিল। বিচারক তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে শ্যোন অ্যারেস্ট দেখানোর অনুমতি দিয়েছেন।
তিনি আরও বলেন, আগামী ১৪ জুলাই তার জামিন শুনানির দিন নির্ধারিত রয়েছে। ওই দিন তদন্ত কর্মকর্তা রিমান্ডের আবেদন করতে পারেন। রিমান্ড ও জামিন শুনানি শেষে আদালত পরবর্তী আদেশ দেবেন।





