Advertisement

ঢাকা-রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

এশিয়া পোস্ট নিউজ, রংপুর
ঢাকা-রংপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ছবি: সংগৃহীত

ঢাকা-রংপুর মহাসড়কের রংপুরের মিঠাপুকুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ২ জন।

বুধবার (১০ জুন) রাত সাড়ে ৯টায় ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুরের দমদমা রহমান পাম্প সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাসের সামনের চাকা পাংচার হয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়।

নিহত শামসুন্নাহার (৩৫) রংপুরের পীরগঞ্জ উপজেলার শানেরহাট এলাকার প্রথমভাঙ্গা গ্রামের খসড়ু মিয়ার স্ত্রী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রংপুর নগরীর পাগলাপীর থেকে পীরগঞ্জগামী যাত্রীবাহী বাসটি ঢাকা-রংপুর সড়কের দমদমা রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৌঁছলে বিকট শব্দে সামনের চাকা পাংচার হয়ে পার্শ্ববর্তী সাইনবোর্ডের খুটিতে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই একজন মহিলা নিহত হন, আহত হয়েছেন ১৫ জন।

মিঠাপুকুর থানার উপ পরিদর্শক (এসআই) এমদাদ উদ্দিন ঘটনাস্থল থেকে জানান, যাত্রীবাহী বাসের সামনের চাকা পাংচার হয়ে ঘটনাস্থলেই একজন মহিলা নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৫ জন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।