যমুনা নদীতে ভাসমান অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
এশিয়া পোস্ট নিউজ, বগুড়া

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদী থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার ভান্ডারবাড়ি গ্রামের কাছে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয় জেলেরা ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে মাছ ধরার সময় নদীর ভাসমান আবর্জনার সঙ্গে আটকে থাকা মরদেহটি তাদের নজরে আসে। ধারণা করা হচ্ছে, উজান থেকে স্রোতের টানে মরদেহটি ভেসে এসে সেখানে আটকে যায়। তবে ওই নারীর পরিচয় এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো জানা যায়নি।
ধুনট থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু করেছে। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
বিষয় :বগুড়া




